গ্রামীণ শিল্পোন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের প্যাকেজ উদ্যোগ

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২০:২৫
গ্রামীণ অঞ্চলকে শিল্পের আওতায় আনতে এবং বিদ্যমান শিল্পের বিস্তারে পুনঃঅর্থায়ন তহবিলে আরও ২০০ কোটি টাকা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে তহবিলটিতে এখন জমা টাকার পরিমাণ দাঁড়ালো ৪০০ কোটি টাকা। সমপ্রতি বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা এ টাকার অনুমোদন দিয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী বলেন, আগের যে কোন সময়ের তুলনায় এ তহবিলটির চাহিদা অনেক গুণ বেড়েছে। এর আগে এ তহবিলের খুব একটা চাহিদা ছিলো না। বর্তমানে এ তহবিল থেকে বিভিন্ন ব্যাংক ৯০ কোটি টাকা পুনঃঅর্থায়নের চাহিদা দিয়ে রেখেছে। এরই পরিপ্রেক্ষিতে এসএমই বিভাগের পক্ষ থেকে তহবিলটি বাড়ানোর প্রস্তাব দিলে পরিচালনা পর্ষদ তা অনুমোদন করে। ২০০১ সালে মফস্বলভিত্তিক কৃৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এ পুনঃঅর্থায়ন তহবিল চালু করে কেন্দ্রীয় ব্যাংক। দেশের ৩৯টি ব্যাংক এ তহবিলের অর্থ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। জুন শেষের তথ্য অনুযায়ী, এ তহবিল থেকে এক হাজার ৬৮১টি প্রকল্পে ৩৪১ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এ তহবিল থেকে যে ঋণ বিতরণ করা হয়, তার সর্বোচ্চ সুদ হার ১০ শতাংশ। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ব্যাংক রেটে অর্থাত্ ৫ শতাংশ হারে পুনঃঅর্থায়ন করে থাকে। সুদ হার কম হওয়ার কারণে ব্যাংকগুলো প্রথমে এ তহবিল থেকে ঋণ বিতরণ করতে চায়নি। কিন্তু বাংলাদেশ ব্যাংকের উত্সাহে ব্যাংকগুলো এখন এগিয়ে আসছে।