মিউজিক ভিডিওতে বৃদ্ধ মাহফুজ-তারিন

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:০৬
নন্দিত নির্মাতা হানিফ সংকেতের একাধিক কাজে অংশ নেন মাহফুজ ও তারিন। সেই হিসেবে এবারের ঈদের একটি গানেও তারা দুজন রয়েছেন। তবে এবারে কাজ করলেন একটি মিউজিক ভিডিওতে। সেখানে একটি গানে চরিত্রের প্রয়োজনে তারা বুড়োবুড়ি সেজেছেন। ১৯৮৩ সালে মাদকাসক্তির বিরুদ্ধে প্রথম মিউজিক ভিডিও নির্মাণ করেন হানিফ সংকেত। এই মিউজিক ভিডিওটিতে তখন মডেল ছিলেন প্রয়াত নায়ক সালমান শাহ্। তারই ধারাবাহিকতায় এবার ঈদে হানিফ সংকেত চিত্রায়ন করেছেন একটি বিষয়ভিত্তিক গান। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপ। গানটির চিত্রায়নে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনয় তারকা-মাহফুজ, তারিন, অপূর্ব ও অহনা। গেয়েছেন এ্যান্ড্রু কিশোর। যার খ্যাতির চেয়ে কণ্ঠের দ্যুতি অনেক বেশি। পারিবারিক বন্ধন নিয়ে চিত্রায়িত এই গানটির একটি বিশেষত্ব হলো এই গানে টিভি পর্দায় দর্শকরা প্রথমবারের মতো তারিন ও মাহফুজকে তিনটি রূপে দেখতে পাবেন। ‘ইত্যাদি’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।