কণ্ঠশিল্পী তাহসান মাঝে মাঝেই একেবারে শখের বসে ছোটপর্দার নাটক-টেলিফিল্মে অভিনয় করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও তাহসানকে পাওয়া যাবে একটি নাটকে। এই নাটকে তাহসানের বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার এই সময়ের ব্যস্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। নাটকটির নাম ‘এক্লিপস’। উল্লেখ্য, ‘এক্সিপস’ নাটকের মধ্য দিয়েই এই দুই জনপ্রিয় তারকা প্রথমবারের মতো একসঙ্গে কোনো প্রোডাকশনে কাজ করলেন। নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ্। তাহসান বলেন, ‘যেহেতু শখের বসে অভিনয়টা করি, তাই চেষ্টা করি ভালো গল্প ও নির্মাণশৈলীর অংশ হতে। ‘এক্লিপস’ নাটকটি এই প্রজন্মের বিনোদন প্রেমীদের জন্য উপযুক্ত একটি গল্প। জাকিয়া বারী মম একজন অভিনেত্রী হিসেবে দারুণ মানের শিল্পী। তার সঙ্গে অভিনয় করায় মনে হলো প্রোডাকশনটি স্বয়ংসম্পন্ন হয়েছে। এটি নির্মাণ করেছে টম ক্রিয়েশন প্রোডাকশন হাউজ। এই ঈদে নাটকটি এনটিভিতে প্রচার হবে। এই নাটকটির আরও একটি বিশেষত্ব হচ্ছে প্রচারের সময় কোনো বিজ্ঞাপন প্রচার হবে হবে না। একেবারেই বিরতিহীনভাবে প্রচার হবে। এদিক দিয়েও দর্শকরা বিজ্ঞাপনযন্ত্রণা থেকে একেবারে মুক্ত অবস্থায় উপভোগ করতে পারবে।’ উল্লেখ্য, নাটকটিতে তাহসান ও মমসহ আরও অভিনয় করেছেন—অপর্ণা ঘোষ, মাসুদ আলী খান, গোলাম রব্বানী মিন্টু, তামজিদ রনি প্রমুখ। ঈদের প্রথমদিন রাত ৮টা ১০ মিনিটে নাটকটি এনটিভিতে প্রচার হবে।
