আমার পেটে লাথি মারা হয়েছে :আইয়ুব বাচ্চু

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:০৯
সম্প্রতি কণ্ঠশিল্পী শহীদের একটি অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে রক লিজেন্ড আইয়ুব বাচ্চু অনেকটা আক্ষেপ করে বলেন, ‘মিউজিকের এই পাইরেসি আর এই ডাউনলোড রাজ্য আর কারে পেটে লাথি মেরেছে কি না জানি না। তবে আমার পেটে ঠিকই লাথি মেরেছে।’ অনুষ্ঠানে আরেক অতিথি হিসেবে ছিলেন নকীব খান। আইয়ুব বাচ্চু নকীব খানকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি সবসময়ই নকীব ভাইকে বলে এসেছি আপনারা সৌখিন মিউজিশিয়ান। কিন্তু আমি মিউজিক করে খাই। অথচ কি এক অদ্ভুত সময়ে আমার সন্তান আমাকে বাবা বলতে পারছে না। আমার গানের জন্মদাতা আমি। এখন কনটেন্ট প্রোভাইডার ঠিক করে দিচ্ছে, কার গানের কে বাবা আর কে চাচা তারা নাকি ঠিক করে দিচ্ছে। আর এ সময়ের শিল্পীরা নিজেদের গান রিংটোন বা ওয়েলকাম টিউনে শুনেই প্রশস্তি পাচ্ছে। আর এ থেকে যে তার অর্থ বা সম্মানী নেওয়ার কথা তা মনেও করছে না। আর ক’দিন পর তাই এইসব লঞ্চিং প্রোগ্রাম জাদুঘরে চলে যাবে। তখন বলা হবে অমুক শিল্পী এক সময় গান করতেন! অমুকের অ্যালবাম বেরিয়েছিল।’ এমন কঠিন বাস্তবতার কথাগুলোই সবার সামনে তুলে ধরেন এবি। সবাই তখন নীরব দর্শক হয়েই শুনছিলেন তার অকাট্য সত্য কথাগুলো।