রাঙ্গুনিয়ায় জমজমাট ঈদের বাজার

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:৩৬
ঈদের কেনাকাটায় ক্রেতাদের ভিড় জমে উঠেছে রাঙ্গুনিয়ার হাটবাজারের বিভিন্ন মার্কেটগুলোতে। চন্দ্রঘোনা দোভাষী বাজার, রাঙ্গুনিয়া পৌরসদরের রোয়জার হাট এখন রাঙ্গুনিয়ার ঈদের প্রধান বাজার । নতুন নতুন সৌখিন মার্কেটের পাশাপাশি এখানে বিলাসবহুল খুচরা ও পাইকারী দোকানের অনেক প্রসার ঘটছে এখানে। এছাড়া রানীর হাট, শান্তির হাট, গোচরা বাজার, সরফভাটা ক্ষেত্র বাজার ও পদুয়া রাজার হাটসহ আরো একাধিক স্থানে ঈদের বাজার বসেছে। এসব হাটবাজারের বিপণি বিতানগুলো ঈদকে সামনে রেখে কেনাকাটার ধুম চলছে। সরেজমিনে দেখা যায়, চন্দ্রঘোনা দোভাষী বাজারের আলম সুপার মার্কেট, ভাই ভাই শপিং মল, মৌলানা মার্কেট, চমক ফ্যাশন মার্কেট এবং লিচুবাগানে আল ইমারত সুপার মার্কেটের বিপণি বিতানগুলোতে ক্রেতাদের পদচারণা বেড়েছে। ক্রেতাদের পদচারণ লক্ষ্য করে এসব মার্কেট ও বিপণি কেন্দ্রগুলো প্রথম রোজা থেকে নানা সাজে আকর্ষণীয় করে তুলতে তত্পর হয়ে উঠেছে। প্রতিটি মার্কেটে আকর্ষণীয় প্যান্ডেল ও তোরণ নির্মাণ হয়েছে। মার্কেটগুলোর কাপড়ের দোকানগুলোতে নানা রকমের থান কাপড়, শাড়ি, থ্রিপিসসহ গার্মেন্টেসের বাহারি পোশাক বিক্রয় হচ্ছে বেশি। পাশাপাশি জুতার দোকান, প্রসাধনী সামগ্রীর দোকান, শো-পিস, হাঁড়ি-পাতিল, থালা-বাসনের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। চন্দ্রঘোনা দোভাষী বাজারের ক্রেতা ফরিদা ইয়াসমিন, শাহনাজ বেগম নামের দুই প্রবাসীর স্ত্রী বলেন, রোজায় ঈদের বাজার করতে মার্কেটে প্রচণ্ড ভিড়ের পাশাপাশি পোশাকের দাম ও হাঁকা হয় বেশি। তাই রোজার আগেই কেনাকাটা সেরে নিয়েছি। এখন টেনশন মুক্ত।