এক সময় নদীমাতৃক দক্ষিণাঞ্চলে নৌযানই ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। তারই ধারাবাহিকতায় প্রায় ৩০ বছর ধরে খুব ভালই চলছিল জিয়ানগর টু ঢাকা লঞ্চ সার্ভিস। কিন্তু ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ক্ষতিগ্রস্তের পর থেকে লঞ্চ সার্ভিস বন্ধ করে দেয় লঞ্চ কর্তৃপক্ষ। লঞ্চ সার্ভিস বন্ধ হওয়ার সাথে সাথে জিয়ানগরের পন্টুনটি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ নিয়ে যায়। সমপ্রতি আবারো যাত্রী সেবার মানোন্নয়ন করে নতুন আঙ্গিকে ঢাকা টু জিয়ানগর, চরখালী, তুষখালী ও তেলিখালী রুটে লঞ্চ চলাচল শুরু করেছে। স্থানীয় লঞ্চঘাট সূত্রে জানা যায়, জিয়ানগর থেকে প্রায় প্রতিদিনই ৬০ থেকে ৭০ জন যাত্রী ঢাকায় গমন করে থাকেন। কিন্তু পন্টুন না থাকায় যাত্রীদের ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করতে হয়। ভাটির সময় পানির মধ্যে সিঁড়ি দিয়ে ভিজে বৃদ্ধ ও শিশুদের নিয়ে লঞ্চে আরহণ করতে দেখা যায়। ফলে যে কোন সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। অপরদিকে পন্টুন না থাকায় এখানে কোন ইজারাদার নেই। তাই এই ঘাট থেকে সরকার বড় ধরনের রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।
