জামালপুরেট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:৩৮
জামালপুর-ময়মনসিংহ রেলওয়ের সেকশনের রেলপথ পুনঃসংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পাথরবিহীন রেলপথে ঝুঁকি নিয়ে চলাচল করছে আন্তঃনগরসহ প্রায় ২০টি ট্রেন। যে কোন সময় লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে রেলযাত্রী সাধারণ। জানা যায়, গত ২০১০ সালের প্রথমার্ধে বাংলাদেশ রেলওয়ের জামালপুর-ময়মনসিংহ সেকশনের অধীনে বিদ্যাগঞ্জ থেকে জামালপুর-তারাকান্দি রেলরুটে ৬৬ কিলোমিটার এবং জামালপুর-দেওয়ানগঞ্জ রুটে ৩৫ কিলোমিটার। মোট ১০১ কিলোমিটার রেলপথ পুনঃসংস্কার কাজের জন্য দরপত্র আহবান করে রেল কর্তৃপক্ষ। এই নির্মাণ কাজের মধ্যে কংক্রিট স্লিপার বসানো, নতুন রেল সংযোজনসহ রেলপথে ১১ ইঞ্চি উচ্চতায় পাথর দেয়ার কথা রয়েছে। সংস্কার কাজ বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন। গত ৩০ জুন সংস্কার কাজটি বাস্তবায়ন হওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘদিন কাজ করা হলেও এখন পর্যন্ত অনেক জায়গায় বাকি রয়ে গেছে। এখনো সে কাজ শেষ হয়নি। আবার কংক্রিট সি্লপার দিয়ে রেললাইন নতুন সংযোজন করা হলেও লাইনের নিচে এমনকি দু’পাশে ১১ ইঞ্চি পুরু করে পাথর দেয়া হয়নি। বিশেষ করে রেলষ্ট্রেশনে ২নং লাইন মেরামত করা হলেও দেয়া হয়নি প্রয়োজনীয় পাথর। এদিকে রেললাইনের নিচে পাথর না থাকায় সম্প্রতি নরুন্দী এলাকায় ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হলেও বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায়। নিম্নমানের এ রেলপথ সংস্কার কাজ করার কারণে বারংবার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটছে। অপরদিকে দীর্ঘদিন যাবত্ ঝুঁকি নিয়ে ধীরগতিতে চলে আসছে ট্রেন। ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-তারাকান্দি রেলরুটে প্রতিদিন ৪/৫ ঘণ্টা দেরিতে ট্রেন যাতায়াত করায় জেলার হাজার হাজার ট্রেন যাত্রী চরম দুর্ভোগ পোহাচ্ছে। এদিকে আগামী ঈদকে সামনে রেখে যারা ঘরে ফিরবেন তারা পড়বেন ভোগান্তিতে। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলীর (পথ) কাছে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।