গাজীপুরে ডিস ব্যবসা নিয়ে সংঘর্ষে আহত ১০

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:৩৮
গাজীপুরের সারদাগঞ্জে গত মঙ্গলবার দুপুরে ডিস ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। জানা গেছে, সারদাগঞ্জ এলাকার মোস্তফা কামাল ও আশরাফুল আলম আশকরের সাথে দীর্ঘদিন ধরে ডিস ব্যবসার এলাকা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত মঙ্গলবার উভয়পক্ষে সারদাগঞ্জ হাজী মার্কেট পুকুরপাড়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে একতরফা সিদ্ধান্ত দিলে মোস্তফা কামাল বিচার না মেনে বৈঠক থেকে চলে গেলে প্রতিপক্ষ লোকজন মোস্তফাকে মারধর করে। সে দৌড়ে বাড়িতে গেলে বাড়িতে গিয়েও তাকে মারধর করে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। খবর পেয়ে জয়দেবপুর থানাধীন চক্রবর্তী ক্যাম্প পুলিশ মোস্তফার চারজন আত্মীয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো—রহমত উল্লাহ, রুহুল আমিন, জাকির ও আকতার হোসেন।