মেহেরপুরে বেতন ও বোনাস পাননি ৫৩৮ স্কুল শিক্ষক

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:৩৯
আসন্ন ঈদ উপলক্ষে মেহেরপুর জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার ১৩৪টি রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩৮জন শিক্ষক ও শিক্ষিকা জুলাই মাসের বেতন ও বোনাস পায়নি। বেতন-বোনাস না পেয়ে এসব শিক্ষক-শিক্ষিকা পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ থেকে বঞ্চিত। জেলা শিক্ষক সমিতির সভাপতি কমর উদ্দিন জানান, এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষকদের নামে কোন টাকা পাঠানো হয়নি। ফলে শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এদিকে জেলা শিক্ষা অফিস থেকে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার ৪৩টি, গাংনী উপজেলার ৭৮টি ও মুজিবনগর উপজেলার ১৩টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকার এক প্রজ্ঞাপন জারি করে সরকারি বিদ্যালয় করেছেন। কিন্ত এসব বিদ্যালয়ের কোন শিক্ষকের চাকরি সরকারি করা হয়নি। তারা এখনো বেসরকারি শিক্ষক হিসাবে রয়েছেন। এতে তাদের পরিবার পরিজন বিভ্রান্ত হচ্ছেন। শিক্ষকরা তাদের চাকরি জাতীয়করণের জন্য জোরালো আবেদন এবং ঈদের আগে জুলাই মাসের বেতন ও বোনাস পাওয়ার সু-ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ করেছেন।