অ্যাওয়ার্ড পেলেন সদর ইউপি চেয়ারম্যান

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:৪১
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর রশিদ মিল্টন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে পিরোজপুর জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী তাকে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ঘোষণা দিয়ে ই-সার্ভিস ইনোভেশন অ্যাওয়ার্ড প্রদান করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে জেলা পর্যায়ে হাই-টেক পার্ক/আইটি ভিলেজ স্থাপনের এবং এ কার্যক্রমের গুরুত্ব ও আইটি স্কিলড জনগোষ্ঠীর ভবিষ্যত্ করণীয় বিষয়ে পিরোজপুরে এক সেমিনারে চেয়ারম্যান আমিনুর রশিদকে সনদ এবং একটি ক্যামেরা উপহার দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বরিশালের বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন, পিরোজপুরের জেলা প্রশাসক অনল চন্দ্র দাস, পুলিশ সুপার মো.আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।