নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিপুর নতুনপাড়া গ্রামে গত সোমবার গভীর রাতে স্ত্রীর প্রেমিকের হাতে সেরাজুল ইসলাম (৩৮) খুন হয়েছে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানায়, দশ বছর আগে পাশের বড়াইগ্রাম উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আবুল হোসেন মোল্লার মেয়ে সীমার সাথে সেরাজুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রতিবেশী কামাল হোসেনের সাথে সীমার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। গত সোমবার গভীর রাতে প্রেমিক কামাল হোসেন সীমার ঘরে ঢুকে। বিষয়টি সেরাজুল দেখে ফেলায় তাকে হত্যা করে কামাল পালিয়ে যান। ভোর রাতে সেরাজুল মারা গেছে বলে সীমা কান্নাকাটি করে।
নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. আয়ুব আলী জানান, বিষয়টি নিয়ে বেশ কয়েকবার পারিবারিক বৈঠক হয়। বৈঠকে সীমার প্রেমিক কামাল হোসেনকে ভর্ত্সনা করা হয়। কিন্তু সন্তানদের কথা বিবেচনা করে সীমার স্বামী সেরাজুল ইসলাম শেষবারের মত স্ত্রীর অপরাধ ক্ষমা করে স্ত্রীকে ভাল হওয়ার সুযোগ দেন। কিন্তু ওই সুযোগে পাঁচদিনের মাথায় সেরাজুল খুন হন।
এ ঘটনায় নিহতের চাচা মজিবর রহমান বাদি হয়ে গত মঙ্গলবার সীমাকে ও তার প্রেমিক কামাল হোসেনের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা করেছে। পুলিশ সীমাকে গ্রেফতার করলেও কামাল হোসেনকে আটক করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক ওমর ফারুক জানান, সেরাজুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
