কালকিনি প্রেসক্লাবের নির্বাচন
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের কালকিনি প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০১৩ গত মঙ্গলবার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী পরিষদের ১১টি পদে সব প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
দিনকাল প্রতিনিধি শহিদুল ইসলাম সভাপতি ও সকালের খবর সংবাদদাতা সালাহ উদ্দিন মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্যরা হলেন—সহ-সভাপতি রফিকুল ইসলাম মিন্টু, সহ-সভাপতি এইচ এম মিলন, সহ-সাধারণ সম্পাদক নাফিজ সিদ্দিকী তপু, অর্থ সম্পাদক বি এম হানিফ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান দুলাল, প্রচার সম্পাদক মেহেদী হাসান শান্ত, কার্যনির্বাহী সদস্য খন্দকার শামীম হোসাইন ও কার্যনির্বাহী সদস্য খায়রুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
মাটিরাঙ্গায় ট্রাকসহ কাঠ আটক
খাগড়াছড়ি প্রতিনিধি \ জেলার মাটিরাঙ্গা উপজেলার ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (পলাশপুর জোন) অভিযান চালিয়ে প্রায় ৪৫০ ঘনফুট কাঠসহ ট্রাক ও এক চালককে আটক করেছে। জানা যায়, গত সোমবার রামশিরা, সাতভাইপাড়া এবং গোমতী এলাকায় অবৈধ গোলকাঠসহ একটি ট্রাক (চট্ট-মেট্রো-ড-১১-১৭১০) এবং চালক মোঃ আব্দুল মজিদ (২৫) আটক করে।
বিজিবি সূত্র জানায়, আটককৃত কাঠ ও ট্রাক মাটিরাঙ্গা বন বিভাগে এবং ধৃত আসামিকে মাটিরাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মাটিরাঙ্গা বনবিভাগে ও মাটিরাঙ্গা থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মান্দায় জামায়াতের বিক্ষোভ মিছিল
মান্দা (নওগাঁ) প্রতিনিধি \ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর মান্দায় জামায়াত শিবিরের যৌথ উদ্যোগে গত সোমবার নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা ফেরিঘাটে এক বিক্ষোভ মিছিল উপজেলা আমীর অধ্যাপক আব্দুর রশীদের নেতৃত্বে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জামায়াত আমীর অধ্যাপক আব্দুর রশীদ, সেক্রেটারী আমিনুল ইসলাম, ইউসুফ আলী, আব্দুল কাইয়ুম, উপজেলা শিবির সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
চৌগাছায় ইউএনও না থাকায় প্রশাসনে স্থবিরতা
চৌগাছা (যশোর) সংবাদদাতা \ যশোরের চৌগাছায় ১৪ দিন যাবত্ উপজেলা নির্বাহী অফিসার না থাকায় প্রশাসনিক কাজে স্থবিরতা বিরাজ করছে। জানা যায়, গত ১৮ জুলাই চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন মাতুব্বর এডিসি পদে পদোন্নতি পেয়ে পটুয়াখালীতে যোগদান করেন। এরপর থেকে চৌগাছা উপজেলার নির্বাহী অফিসারের পদটি শূন্য রয়েছে। যার ফলে সকল প্রশাসনিক কাজে স্থবিরতা নেমে এসেছে এবং একের পর এক ফাইল জমা হচ্ছে।
টেকনাফে সাড়ে ৮ হাজার ইয়াবা উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) \ টেকনাফে নাফ নদীতে হানা দিয়ে সাড়ে ৮ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি। গত মঙ্গলবার সাবরাং বিওপি বিজিবির সদস্যরা নাজিরপাড়া আড়াই নং সুইচ গেইট থেকে জব্দকৃত ইয়াবা ও নৌকার মূল্য সাড়ে ২৫ লাখ টাকা বলে জানায় বিজিবি। জব্দকৃত ইয়াবা থানায় জমা দিয়ে জড়িতদের পলাতক আসামি করে মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ৪২ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লেঃ কর্নেল মোঃ জাহিদ হাসান।
যশোরে পাটের মণ আড়াই হাজার টাকা করার দাবি
যশোর অফিস \ প্রতি মণ পাটের দাম ন্যূনতম আড়াই হাজার টাকা নির্ধারণের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান করেছে কৃষক সংগ্রাম সমিতি। গত মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে করা হয়। যশোর কালেক্টরেট ভবনে এ স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, কৃষক সংগ্রাম সমিতির জেলা সভাপতি ডা. আব্দুল খালেক লস্কর, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক কামরুল হক লিকু, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান মাস্টার, স্বেচ্ছাসেবক সম্পাদক বিধান চন্দ্র বিশ্বাস প্রমুখ।
সারিয়াকান্দির ভাঙন দুর্গতদের মাঝে ত্রাণ
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা \ সারিয়াকান্দিতে গত মঙ্গলবার কুতুবপুর ইউনিয়নের বাঁধভাঙ্গা ক্ষতিগ্রস্ত ৫৫ পরিবারের মাঝে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এমপি প্রদত্ত নগদ ৫৫ হাজার টাকা ও চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন এবং আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি, রেজাউল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম প্রমুখ ।
আদমদীঘিতে ছিনতাইয়ের দায়ে কারাদণ্ড
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মনজুর গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেহেদী হাসান গনি (২২) নামের এক ব্যক্তিকে ছিনতাই ও মাদক সেবনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সে সান্তাহার কলসা রথবাড়ীর মাসুম মোল্লার পুত্র। সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ গনিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।
স্বরূপকাঠি সমিতির ইফতার ও দোয়া মাহফিল
স্বরূপকাঠি সমিতি, ঢাকার উদ্যোগে আগামী ৩ আগস্ট সমিতির অস্থায়ী কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলে সমিতির সকল সদস্যকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম হাসান। —প্রেস বিজ্ঞপ্তি
ইসলামপুরে বস্ত্র বিতরণে আমিনা মমিন ফাউন্ডেশন
জামালপুর প্রতিনিধি \ জেলার ইসলামপুর উপজেলায় আমিনা মমিন ফাউন্ডেশন ও শপিংমলের উদ্যোগে গুঠাইল বাজারে ইফতার মাহফিল ও দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র ও চিনি-সেমাই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় আমিনুর রহমান লরেন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আমেনা মমিন ফাউন্ডেশন ও শপিংমলের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান লুইস। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চিনাডুলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, শিক্ষক আহসান হাবিব প্রমুখ।
ছাতক প্রেসক্লাবে স্বরচিত বই প্রদান
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, লেখক রুহুল ফারুক রচিত ‘ছাতকের ইতিহাস ও ঐতিহ্য’ এবং ‘সাংবাদিকতাঃ কি? এবং কেন? কিভাবে?’ সহ বিভিন্ন লেখকের ২৫টি বই ছাতক প্রেসক্লাবের পাঠাগারে প্রদান করেছেন। এ উপলক্ষে প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সদস্য বিজয় রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জাপার সাধারণ সম্পাদক আ.ন.ম ওহিদ কনা মিয়া, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার প্রমুখ।
মধুখালীতে মোটর সাইকেল আরোহী নিহত
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত এবং অপর মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন আছে। নিহত ব্যক্তির নাম সোয়ান (৩৭)। অপর আহত কালু মিয়া (৫১)। জানা গেছে ঢাকা-খুলনা মহাসড়কের আলতু খান জুট মিলস এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
রাজশাহীতে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি
রাজশাহী অফিস \ রাজশাহীতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে ‘রাজশাহী টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’র’ যাত্রা শুরু হয়েছে। গত মঙ্গলবার আইএমসির সভা কক্ষে এক আলোচনা সভায় সংগঠনটির ১১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী প্রথম নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভায় ‘এন টিভি’র স্টাফ রিপোর্টার শ.ম সাজুকে সভাপতি এবং ‘ইনডিপেনডেন্ট টেলিভিশনে’র রাজশাহী ব্যুরো প্রধান আহসান হাবীব অপুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
রাজবাড়ীতে অস্ত্রসহ বাস যাত্রী গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি \ দৌলতদিয়া-খুলনা সড়কের খানখানাপুরে একটি বাসে তল্লাশি করে অত্যাধুনিক একটি পিস্তল, ২টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলিসহ এক যুবককে ডিবি পুলিশের সদস্যরা গ্রেপ্তার করেছে। জানা গেছে, গত মঙ্গলবার কুষ্টিয়া থেকে আসা দৌলতদিয়া ঘাটগামী পদ্মা গড়াই পরিবহনের বাসে যাত্রীবেশী অস্ত্রবহনকারী যুবক আরিফুল ইসলাম ডাবলুর ডান পায়ের উরুতে এনলেটদিয়ে পেঁচানো অবস্থায় একটি বিদেশি অত্যাধুনিক ৭.৬৫ বোরের পিস্তল, ২টি ম্যাগজিন ও ১রাউন্ড গুলি উদ্ধার করে।
চিনিশপুর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগে
নরসিংদী প্রতিনিধি \ চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এন জামান গত মঙ্গলবার তার ঘনিষ্ঠ সহযোগী ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরুজ মিয়াসহ দুই শতাধিক নেতাকর্মীকে নিয়ে বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করছেন। এ উপলক্ষে চিনিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদরের এমপি লেঃ কর্নেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক।
ধামইরহাটে জীববৈচিত্র্য সংরক্ষণে মতবিনিময়
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর ধামইরহাটে জীব বৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণ শীর্ষক মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ধামইরহাট উপজেলা বনবিভাগের উদ্যোগে বনবিট অফিসে পাইকবান্দা রেঞ্জ অফিসার হেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা সহকারী বন সংরক্ষক শেখ আবু তৌহিদ।
নগরকান্দায় মত্স্য পোনা অবমুক্ত
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের নগরকান্দায় মত্স্য দপ্তরের উদ্যোগে গতকাল বুধবার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছাগলদী মারুয়া বিলে মত্স্য পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত থেকে পোনা অবমুক্ত করেন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আ’লীগের সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, শহীদনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ ফোরাম জেলা যুগ্ম-আহবায়ক রফিকুজ্জামান অনু, উপজেলা মত্স্য কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
যানজটমুক্ত কুমিল্লা গড়তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যালি
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ ঈদুল-ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ যানজটমুক্ত রাখতে মহাসড়কের কুমিল্লায় র্যালি বের করে শ্রমিকদের সংগঠন ‘যানজট নিরসন কমিটি’। গত মঙ্গলবার বিকেলে ওই সংগঠনের আহবায়ক মমতাজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ‘যানজটমুক্ত কুমিল্লা চাই’ শ্লোগানে কুমিল্লার পদুয়ার বাজার থেকে একটি ট্রাক র্যালি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক হাজী শাহ আলম, নজরুল ইসলাম, সুজন আহমেদ, হাবিবুর রহমান প্রমুখ।
কাঠালিয়ায় মাছের পোনা অবমুক্ত
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়ায় মাছের পোনা অবমুক্ত করা হয়। মত্স্য অধিদপ্তরের উদ্যোগে গত মঙ্গলবার উপজেলা পরিষদ পুকুরে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার প্রধান অতিথি থেকে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মত্স্য অফিসার এসএম খালেকুজ্জামানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। মত্স্য অধিদপ্তর উপজেলার ৪টি ইউনিয়নের ২৫টি পুকুরের মালিকদের নিকট মাছের পোনা বিতরণ করে।
টাঙ্গাইলে মাদক ব্যবসায়ী গ্রেফতার
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে বিপুল পরিমাণ চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে ত্রিমোহন বান্দরমারা এলাকার রুবেল (২২), সুমন (২৩), পায়েল (২৩) এবং সাদ্দাম (২৩)। বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, পাথরঘাটা ফুটবল খেলার মাঠ থেকে চোলাই মদসহ তাদের গ্রেফতার করা হয়। থানায় মামলা হয়েছে।
সোনাতলায় উপকারভোগী কৃষকদের মাঝে অনুদান
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ গত মঙ্গলবার সোনাতলায় ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির উদ্যোগে উপকারভোগী কৃষকদের মধ্যে ধান, ভুট্টা, সরিষা চাষের অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির উপজেলা সিনিয়র ম্যানেজার তাহমিদুর রহমান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার মণ্ডল। বিশেষ অতিথির ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রওশন জামাল। বক্তব্য রাখেন কর্মসূচি সংগঠক মো. আল আমিন ও রাজিয়া সুলতানাসহ অনেকে।
ধামইরহাটে জীববৈচিত্র্য পুনরুদ্ধারে মতবিনিময়
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর ধামইরহাটে জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণ শীর্ষক মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়। গত মঙ্গলবার ধামইরহাট উপজেলা বন বিভাগের উদ্যোগে বন বিট অফিসে পাইকবান্দা রেঞ্জ অফিসার হেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বন বিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা সহকারী বন সংরক্ষক শেখ আবু তৌহিদ।
রামুর ঈদগড়ে দুর্বৃত্তের গুলিতে মহিলা নিহত
রামু (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ঈদগড় ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে গত মঙ্গলবার এক মহিলা নিহত হন। নিহতের নাম লায়লা বেগম (৬৫)। তিনি পশ্চিম হাসনাকাটা এলাকার কবির আহমদের স্ত্রী। নিহত লায়লা বেগমের ছেলে সেলিম বাহাদুর খোকন জানান, জমি বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তার মাকে খুন করে।
বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের কমিটি
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (৯২৫) ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কোন প্রতিদ্বন্দ্বী বা প্যানেল না থাকায় এককভাবে এ কমিটি গঠন করা হয়। নতুন এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সবুর আলী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহ্ আলম এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আলী হাসান রাখাল প্রমুখ।
কোটালীপাড়ায় রাস্তার দাবিতে মানববন্ধন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গতকাল বুধবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বঙ্গলক্ষ্মী বাজার থেকে রামশীল ইউনিয়ন পরিষদ ভবন পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন যুবলীগ নেতা দুলাল মধু, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ রামশীল ইউনিয়ন শাখার সভাপতি সুমন মধু, কাফুলাবাড়ি বাজার কমিটির সভাপতি সৈকত চন্দ্র মধু, বিশ্বমানব কল্যাণ প্রচেষ্টার নির্বাহী পরিচালক কৌশল্যা রানী বাগচী প্রমুখ।
