ঈদকে সামনে রেখে বুধবার শাহবাগের পাবলিক লাইব্রেরিতে রাজধানী ঢাকার ৪০০ বছর উদযাপন পরিষদ মমতাজ মেহেদী উত্সব আয়োজন করে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ গৃহিণীরা মেহেদী উত্সব প্রতিযোগিতায় অংশ নেন। কাসিদার সুরে সুরে প্রতিযোগীরা মেহেদী পরিয়ে দেয়। এতে তৃতীয় স্থান অধিকার করেন আজিমপুর স্কুল এন্ড কলেজের রিক্তা, দ্বিতীয় হন ঢাকা বিশ্ববিদ্যারয়ের ফাহমিদা এবং প্রথম স্থান অধিকার করেন বিডিআর মুন্সি আব্দুর রব কলেজের লাবন্য। মেহেদী প্রতিযোগিতা চলাকালে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে হাজারিবাগ থেকে আসা শিল্পীরা কাসিদা পরিবেশন করেন। প্রতিযোগীরা সম্মানিত অতিথিদের হাতেও মেহেদী পরিয়ে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, কাসিদা আমাদের রমজানের ঐতিহ্যে একটি অন্যতম অনুষঙ্গ। আর মেহেদী ঈদের। এই দুই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। নতুন প্রজন্মকে নিজের ঐতিহ্য জানানোর জন্য এমন উত্সব আরো বেশি আয়োজন করতে তিনি সকলকে আহ্বান জানান। বিশেষ অতিথি অতিরিক্ত পররাষ্ট্র সচিব মাসুম মান্নান বলেন, এই ঐতিহ্যগুলোকে দেশের বাইরেও ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকাবাসীর সভাপতি শুকুর সালেহ। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
