দক্ষিণাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মহাপরিকল্পনা

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:৫২
দক্ষিণাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, খাদ্য নিরাপত্তা ও প্রাণিসম্পদের উন্নয়নে ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত একটি মাস্টার প্ল্যান গ্রহণ করা হয়েছে। ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন (ফাও)-এর সহায়তায় দক্ষিণবঙ্গের কৃষকদের নিয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়, মত্স্য ও প্রাণী মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন বেসরকারি সংস্থা একযোগে কাজ করবে এই প্রকল্পের লক্ষ্য অর্জনে। প্রকল্পের ২৬টি প্রোগ্রামের জন্য ৫ লাখ ৭৮ হাজার ২৬ মিলিয়ন টাকা বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার ফার্মগেটস্থ খামারবাড়ির বিএআরসি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, দক্ষিণাঞ্চল কৃষি খাতে অনুন্নত হিসেবে পরিচিত হলেও প্রাকৃতিক উপাদানে পরিপূর্ণ এই অঞ্চলকে সঠিক পরিকল্পনার আওতায় আনা হলে টেকসই এবং বৃহত্ উন্নয়ন সম্ভব হবে। ফলে ফসলের পাশাপাশি প্রাণী এবং মত্স্য উত্পাদনেও এগিয়ে যাবে বাংলাদেশ। কৃষিমন্ত্রী বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। এই অর্জন ধরে রাখতে হলে দেশের জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে উত্পাদন বাড়াতে হবে। কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. এস এম নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আলতাফ আলী, ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন (ফাও)-এর বাংলাদেশ প্রতিনিধি মাইক রোবসন প্রমুখ বক্তব্য রাখেন।