বিশ্ব মাতৃদুগ্ধ দিবস আজ

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:৫৩
১ থেকে ৭ আগস্ট ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৩’। এবার মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ‘মায়ের দুধে শিশুর হাসি, মা তোমাকে ভালবাসি’। শিশুকে মায়ের দুধ খাওয়ানো ও ঠিক সময়ে বাড়তি খাবার খাওয়ানো বিষয়ে উদ্বুদ্ধ করতে মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশও দিবসটি পালন করবে। মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। প্রতিবছরের মতো এবারও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করতে যাচ্ছে। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বুধবার এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, সুস্থ শিশু সুস্থ জাতি। শিশুকে সুস্থ রাখতে হলে তার পুষ্টিগত চাহিদা পূরণ অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত শিশুর সার্বিক বিকাশে মায়ের দুধের কোন বিকল্প নেই। শিশুর পুষ্টি ও সুস্বাস্থ্যের সকল উপাদানই মায়ের দুধে বিদ্যমান। তাই শিশুর বয়স দুই বছর পর্যন্ত মায়ের দুধ এবং ছয় মাস বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পুষ্টিকর খাবার শিশুকে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে শিশুর মাতৃদুগ্ধ পান এবং মা ও শিশুর সংস্পর্শে শিশুবিকাশে সরকারের পাশাপাশি পরিবার ও সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।