ফিরছেন শ্রীনিবাসন?

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২২:২১
সহসাই থামছে ভারতীয় ক্রিকেট বোর্ডের চলমান জটিলতা। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি পদে এন শ্রীনিবাসনের ফিরে আসা নিয়ে উত্তেজনা চলছে। বুধবার পরস্পর বিরোধী খবরে এ নিয়ে চলা উত্তেজনা আরো খানিকটা উস্কে দিয়েছে। মঙ্গলবার বোম্বে হাইকোর্ট আইপিএলের স্পট ফিক্সিং নিয়ে বিসিসিআইয়ের তদন্ত প্রতিবেদন অবৈধ উল্লে¬খ করে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে। দিল্লী ভিত্তিক সংবাদ চ্যানেল এনডিটিভি জানায়, মঙ্গলবার রাত ৮টায় শ্রীনিবাসন পুনরায় বোর্ডের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এদিকে বিসিসিআই কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে টাইমস নাও বলেছে, স্পট ফিক্সিং প্রশ্নে বোম্বে হাইকোর্টের প্রতিকূল রায়ের পর শ্রীনিবাসনের সভাপতির দায়িত্বে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। জুনের শুরুতে শ্রীনিবাসন বলেছিলেন, তদন্ত কমিশন তার জামাতা গুরুনাথ মিয়াপ্পন এবং ইন্ডিয়া সিমেন্টের মালিকানাধীন ফ্রেঞ্চাইজি চেন্নাই সুপার কিংস (সিএসকে) এর বিরুদ্ধে বাজি এবং ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ দিতে না পারা পর্যন্ত তিনি বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব পালন করবেন। দুই সদস্যের তদন্ত কমিশন গুরুনাথ ও সিএসকে কে নির্দোষ উল্লে¬খ করে রিপোর্ট প্রকাশ করার পর মঙ্গলবার শ্রীনিবাসন ঘোষণা দেন যে, তিনি ২ আগস্ট নয়া দিল্লিতে বিসিসিআই’র কার্যনির্বাহী কমিটির বৈঠকে যোগ দেবেন। কিন্তু এখন তার সব প্রক্রিয়াই চাপা পড়ে গেছে হাইকোর্টের রায়ের কারণে। বোম্বে হাইকোর্ট দুই সদস্যের ওই কমিটিকেই ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে ঘোষণা করেছে।