লড়াইটা ছিল বারবাডোজ ট্রাইডেন্টসের সঙ্গে সেন্ট লুসিয়া জুকসের। কিন্তু ক্যারিবিয় প্রিমিয়ার লিগের এই উদ্বোধনী ম্যাচটা বাংলাদেশে অন্তত ‘সাকিব বনাম তামিমের লড়াই’ বলে গুরুত্ব পাচ্ছিল। বাংলাদেশ সময় গতকাল ভোরে সেই লড়াইয়ে জয় দিয়ে শুরু করল সাকিবের দল বারবাডোজ। সেন্ট লুসিয়াকে হারিয়েছে তারা ১৭ রানে। তবে ব্যক্তিগত লড়াই বিবেচনায় নিলে সাকিবের চেয়ে তামিমই এগিয়ে রইলেন এই ম্যাচে।
বারবাডোজ জয়টা পেল আসলে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের হাত ধরে। ৫১ বলে মালিকের ৭৮ রানের ইনিংস এবং ৪৬ বলে অধিনায়ক কিয়েরন পোলার্ডের ৬১ রানের ইনিংসে ভর করে আগে ব্যাট করা ১৬৯ রান করেছিল ৫ উইকেট হারিয়ে। সাকিব মাত্র ৫ রান করে ফিরে এসেছিলেন।
জবাব দিতে নেমে তামিম ইকবাল আন্দ্রে ফ্লেচারের সঙ্গে দারুণ শুরু এনে দেন সেন্ট লুসিয়াকে। তামিম ১৪ বলে ৪টি চারে সাজানো ২২ রান করে আউট হন; ফ্লেচার ৫৭ রান করেন। এরপর সেন্ট লুসিয়ার আর কেউ সেভাবে রান না পাওয়ায় ১৯.৪ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায়। বল হাতেও নিষ্প্রভ থাকেন সাকিব। ২ ওভারে ২৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।
