বেলকে কথা বলতে দেয়া উচিত: জিদান

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২২:২৩
ইউরোপিয়ান ফুটবলের চলতি দলবদল বাজারে এই মুহূর্তে সবচেয়ে দামি পণ্যটি নি:সন্দেহে গ্যারেথ বেল। টটেনহ্যাম হটস্পারের এই মিডফিল্ডারের প্রতি রিয়াল মাদ্রিদের আগ্রহের বিষয়টিও নতুন কিছু নয়। তবে বেলকে রিয়ালের সাথে কথা বলতে দিতে বরাবরই অনীহা প্রকাশ করে আসছে স্পারসরা। তবে ফুটবল কিংবদন্তি এবং রিয়াল মাদ্রিদের স্পোর্টিং ডিরেক্টর জিনেদিন জিদান বলছেন, টটেনহ্যাম এটা মোটেই ঠিক করছে না। জিদান বলেন, ‘যদি সে রিয়ালেই আসতে চায় তবে টটেনহ্যামের উচিত তাকে আমাদের সাথে কথা বলতে দেয়া। কারণ, একজন খেলোয়াড়ের জন্য রিয়ালের হয়ে খেলার সুযোগ হয়তো জীবনে একবারই আসে। এবং বোঝাই যাচ্ছে গ্যারেথ বেল সেই সুযোগটা হাতছাড়া করতে চায় না।’ নিজের বক্তব্যের স্বপক্ষে এই ফরাসি আরো বলেন, ‘যখন কোন খেলোয়াড় জানে যে, রিয়াল মাদ্রিদ তার বিষয়ে আগ্রহী তখন সে কিছুটা উত্তেজিত বোধ করবেই। এটা অস্বাভাবিক কোন ব্যাপার না। কারণ, একজন ফুটবলারের জন্য রিয়াল মাদ্রিদের সাদা জার্সি গায়ে তোলার চেয়ে সম্মানের কিছু নেই।’