সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখতে জাতিসংঘের তদন্তকারী দল শিগগিরই সেখানে যাবে। জাতিসংঘ জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের দপ্তর থেকে বুধবার এক বার্তায় জাতিসংঘের প্রতিনিধি দলকে সিরিয়া সফরের অনুমতির কথা জানানো হয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রেস অফিসের এক বার্তায় জানানো হয়, প্রতিনিধি দল যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে সিরিয়া সফর করবে। তারা খাল আল আসালসহ তিনটি জায়গাতেই যাবে। জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসিরকি বলেন, জাতিসংঘের অস্ত্রনিরস্ত্রীকরণ দলের প্রধান এঙ্গেলা কেন এবং রাসায়নিক অস্ত্র তদন্তকারী দলের প্রধান একে সেলসট্রম গত সপ্তাহে দামাস্কাস সফরে সিরিয়া সরকারকে রাজি করার পর বাশার সরকার এ সম্মতি দিলো। মার্চের ২২ তারিখ খান আল আসালে রাসায়নিক অস্ত্র ব্যবহারে ৩০ জন নিহত হয়। প্রতিনিধি দলের খান আল আসালের সফরের বিষয়টি নিশ্চিত করলেও বাকি দু’টি জায়গার ব্যাপারে নেসিরকি বিস্তারিত কিছু জানাননি।
