ঈদ-উল-ফিতরে রাস্তাঘাটের যানজট নিয়ন্ত্রণে রাখতে সাত দিন ট্রাক, লরী, কাভার্ড ভ্যান চলাচলে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি এ আহবান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের আগের চারদিন ও পরের তিন দিন মহাসড়কে ভারী যান চলাচল বন্ধের ফলে রফতানিকারকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। বিশেষ করে তৈরি পোশাক এবং চামড়াজাতীয় পণ্য রফতানিকারকরা সময়মতো পণ্য পাঠাতে সমস্যায় পড়ে যাবেন। অনেককে বিমানে পণ্য পাঠাতে হবে। তাছাড়া সময়মতো পণ্য পাঠাতে না পারলে রফতানির আদেশ বাতিলও হয়ে যেতে পারে। যা দেশের বৈদেশিক মুদ্রার আয় ও শিল্প মালিকদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। ফলে ঈদের আগে শ্রমিকদের বেতনের চাপ সামলাতে হিমশিম খেয়ে যেতে হবে। এসবের ফলে শ্রমিক অসন্তোষও দেখা দিতে পারে। সুতরাং যানজট নিরসনে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসা প্রয়োজন।
