ফের বেড়েছে স্বর্ণের দাম

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২১:২৩
এক মাসের বেশি কিছু সময় স্থির থাকার পর স্বর্ণের দাম ফের কিছুটা বাড়ল। এ দফায় প্রতি ভরিতে মানভেদে ৭০০ টাকা থেকে ৯৩৪ টাকা পর্যন্ত দাম বেড়েছে। আজ শুক্রবার থেকে নতুন মূল্যে স্বর্ণ বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে বাজুস। সংগঠনটির নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৯৩৪ টাকা বেড়ে এখন বিক্রি হবে ৪৯ হাজার ৫৭২ টাকায়। আগে এ মানের প্রতি ভরি স্বর্ণ দাম ছিল ৪৮ হাজার ৬৩৮ টাকা। ২১ ক্যারেট স্বর্ণে ৮৭৪ টাকা বেড়েছে। এ মানের স্বর্ণের ভরিপ্রতি আগে মূল্য ছিল ৪৬ হাজার ৪৮১ টাকা, এখন বিক্রি হবে ৪৭ হাজার ৩৫৫ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৭৫৮ টাকা বেড়ে এখন বিক্রি হবে ৪০ হাজার ৫৯০ টাকায়। আগে এ মানের প্রতি ভরি বিক্রি হত ৩৯ হাজার ৮৩২ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণে প্রতি ভরিতে বেড়েছে ৭০০ টাকা। অর্থাত্ ভরিপ্রতি ২৭ হাজার ৬৪৩ টাকার বদলে এখন ২৮ হাজার ৩৪৩ টাকায় বিক্রি হবে।