এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ অ্যালবাম হিসেবে মুক্তি পাচ্ছে পড়শীর নতুন একক অ্যালবাম ‘পড়শী থ্রি’। এ সময়ের তরুণ ও নতুন মিউজিশয়ানদের কম্পোজিশনে তৈরি হয়েছে পড়শীর এবারের অ্যালবামটি। জি সিরিজের ব্যানারে বের হচ্ছে পড়শীর এবারের একক অ্যালবাম। এবারের অ্যালবামটি খানিক আলাদা করতেই এক তরুণের লেখা হিন্দি গানও রেখেছেন। যা নিয়ে ফেসবুকসহ বিভিন্ন ব্লগে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। এখন ডাউনলোডের এই মন্দা বাজারে এই হিন্দি চমক গ্রহণ ও বর্জন পুরোটাই শ্রোতা-দর্শকদের ব্যাপার। এদিকে একক অ্যালবামের বাইরে এরই মধ্যে জাহিদ আকবরের লেখা পড়শীর গাওয়া ‘মনের গভীর’ গানটি বেশ আলোচনায় এসেছে। এবারের ঈদের সবচেয়ে বড় বাজেটের মিক্সড অ্যালবাম ‘অমিয়সুধা’র জন্য এই গানটি গেয়েছেন পড়শী। চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকতার ভেতর দিয়ে ‘পড়শী-থ্রি’ নামের এই একক অ্যালবাম বাজারে রিলিজ দেওয়া হবে বলে জানা যায়।
নিজের একক অ্যালবাম ও মিক্সড অ্যালবাম ‘অমিয়সুধা’ প্রসঙ্গে পড়শী বলেন, ‘আমি চেষ্টা করেছি, ভালো কিছু গান গাইতে। আশা করছি, সবসময়ের মতো এবারের ঈদেও শ্রোতারা আমাকে একইভাবে অনুপ্রাণিত করবেন আমার গান শুনে।’
