‘চেন্নাই এক্সপ্রেস’ নিয়ে দারুণ ব্যস্ত শাহরুখ-দীপিকা

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২১:২৪
বলিউডে বরাবরই প্রতি ছবির মুক্তির বেলায় এর প্রচারণায় নির্মাতাদের পাশাপাশি ছবির তারকারাও প্রচুর খাটেন। আর যদি আসে সুপারস্টারদের কথা, তাহলে তো কথাই নেই। এই ঈদে বলিউডে মুক্তি পাচ্ছে মাত্র ১টি ছবি। আর তা হলো শাহরুখ-দীপিকার ‘চেন্নাই এক্সপ্রেস’। শাহরুখ ভক্তদের জন্য এবারের ঈদের আনন্দ দ্বিগুণ। আর এই ছবি মুক্তি নিয়ে গত বেশ কিছুদিন ধরেই ব্যাপক খাটুনি যাচ্ছে শাহরুখ-দীপিকার উপর দিয়ে। প্রতিটি প্রদেশে ঘুরে ঘুরে ছবিটির ক্যাম্পেইন করছেন তারা। শুধু ভারতেই নয়, অন্যান্য দেশেও চলছে এর ব্যাপক ক্যাম্পেইন। আর এই ক্যাম্পেইনের ধারাবাহিকতায় ‘রা.ওয়ান’-এর মতো ‘চেন্নাই এক্সপ্রেস’-এও শাহরুখ খান মোবাইল গেম তৈরি করেছেন। গেমটি গুলি ও রেসিংয়ের ভিত্তিতে নির্মিত হয়েছে। উল্লেখ্য, আগামী ৯ তারিখে লন্ডনে প্রিমিয়ারের মধ্য দিয়ে মুক্তি পাবে ছবিটি।