ঈদ এলেই চ্যানেলগুলোতে যে পরিমাণ আইডিয়া সংকট হয়, তা কোনো মতে যেন মেকআপ করেন ক’জন শিল্পীদের জ্যামিং অনুষ্ঠানের মাধ্যমে। ভিন্ন ঘরানার শিল্পীদের নিয়ে এক স্টেজে বসিয়ে দিলেই যেন তা অনন্য এক রূপ পায়। এমনটাই বদ্ধ ধারণা আমাদের চ্যানেল প্রডিউসারদের। এরই ভেতরে বেশ কয়েকটি চ্যানেলে এবারে এই ‘ফিউশন’ নামের জগাখিচুরির ঘোষণা এসেছে। তবে এ থেকে খানিক ব্যতিক্রম যেন আইয়ুব বাচ্চু ও এলিটা। কারণ এই দুই প্রজন্মের শিল্পী এর আগেও আইয়ুব বাচ্চুর ব্লুজ ক্লাবে একসাথে একাধিকবার পারফর্ম করেছেন।
তাই তাদের নিয়ে এবারে মাছরাঙা টেলিভিশনে আলাদা ফিউশন তৈরি করা হয়েছে। সাথে যদিও আরেক নবাগতাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে। তবে সব এক্সপেরিমেন্টের ধাক্কা সামলে যাবে কারণ এখানে রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর গিটার ওয়ার্ক আর সাথে পুরো এলআরবির বাদকরা রয়েছেন। ঈদ উপলক্ষে এই অনুষ্ঠানটি সম্প্রতি রেকর্ড করা হয়েছে। এখন দেখা যাক অনস্ক্রিনে আইয়ুব বাচ্চু ও এলিটার এই জ্যাম সেশন কতটা জমে। উল্লেখ্য, এবারের ঈদে ‘অমিয়সুধা’ নামের একটি মিক্সড অ্যালবামে এলিটা একটি গানে কণ্ঠ দিয়েছেন।
