হবিগঞ্জ শহরের রাজনগরে অবস্থিত মহিলা কলেজ রোড এলাকার ঝুঁকিপূর্ণ একটি ৪ তলা ভবনের উপরের ২ তলা ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। বুধবার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসূধন দাশ স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশ দেয়া হয়।
জানা যায়, শহরের মহিলা কলেজ রোড এলাকার ‘অলি নিবাস’ নামে একটি ৪ তলা ভবন পূর্বদিকে হেলে পড়ে। এ বিষয়ে গত ১০ জুন ওই ভবনের পাশের বাসার মালিক রফিক মিয়া হবিগঞ্জ পৌরসভায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই হবিগঞ্জ গণপূর্ত বিভাগ, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর এবং হবিগঞ্জ পৌরসভার প্রকৌশলিগণ ভবনটি সরেজমিন পরিদর্শন করেন। এ সময় পরিদর্শক দল দেখতে পান ভবনটির দোতলায় ফাটলসহ পূর্বদিকে ৫ ইঞ্চি দেবে গেছে।
এছাড়াও ভবনটি নির্মাণের সময় হবিগঞ্জ পৌরসভা থেকে নকশার অনুমোদন এবং কোন প্রকৌশলীর পরামর্শ নেয়া হয়নি। এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসূদন দাশ জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ বিধায় উপরের দিক থেকে দোতলা পর্যন্ত ভেঙ্গে ফেলার জন্য ভবন মালিক অলিউর রহমানকে নির্দেশ দেয়া হয়েছে।
