গাজীপুরে পরিবহন থামিয়ে চাঁদাবাজির অভিযোগে এক এএসআইসহ তিন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুল ইসলাম এবং কনস্টেবল মনিরুজ্জামান ও আব্দুর রাজ্জাক। গাজীপুরের পুলিশ সুপার মো. আব্দুল বাতেন বুধবার সকালে তাদের সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে প্রত্যাহার করেন।
জানা গেছে, ওই তিন পুলিশ সদস্য মঙ্গলবার রাতে হোতাপাড়া ফাঁড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। ঢাকাগামী পণ্যবাহী যানবাহন থামিয়ে চাঁদাবাজি করার সময় পুলিশ হেড কোয়ার্টারের একটি পরিদর্শন দল তাদের হাতেনাতে ধরে ফেলেন। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হলে বুধবার সকালে পুলিশ সুপার তাদের সাময়িক বরখাস্ত করেন।
গাজীপুরের পুলিশ সুপার মো. আবদুল বাতেন জানান, অভিযুক্তদের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
দিনাজপুরে চাঁদাবাজি ট্রাক শ্রমিক আটক
দিনাজপুর অফিস জানান, গত বুধবার সকাল ১০টার সময় বটতলীতে দিনাজপুর জেলা ট্রাক টার্মিনালের সামনের সড়কে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছে ট্রাক শ্রমিক বসির উদ্দীন (৫৬)। ট্রাক চালক জাহাঙ্গীর আলম চাঁদাবাজি মামলার বাদি হয়ে কোতয়ালী থানায় অভিযোগ করেন টোল আদায়ের নামে প্রতিটি ট্রাক থেকে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত জোরপূর্বক চাঁদা আদায় করা হয়। মামলা দায়েরের পর পরই কোতয়ালী পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁদা আদায়কারী বসিরউদ্দীনকে গ্রেফতার করে।
