সাতক্ষীরার ৪ ঘের মালিক মুক্তিপণে মুক্ত হলো

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২১:২৯
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গোলাখালী থেকে অপহূত ৪ চিংড়ি ঘের মালিককে ২ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে বনদস্যুরা ছেড়ে দিয়েছে। গত বুধবার গভীর রাতে শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের বনদস্যু আমিনুরের বাড়ি থেকে তাদেরকে মুক্তি দেয়া হয়। অপহূতদের স্বজনরা জানান, তাদের মুক্তির বিষয়টি কাউকে না জানানোর জন্য বনদস্যুরা তাদেরকে হুমকি দিয়েছে। ভয়ে অপহূত ৪ ঘেরমালিক কারও কাছে মুখ খুলছেন না বলে জানা গেছে। গত সোমবার সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা দেবব্রত মণ্ডল, কার্তিক গাইন, প্রণব বিশ্বাস ও জিতেন্দ্র মণ্ডলকে অপহরণ করে। সাতক্ষীরার শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম খান, অপহূত জেলেরা ২ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে লোকালয়ে ফিরে আসার বিষয়টি তিনি শুনেছেন বলে জানিয়েছেন। তিনি আরো জানান, পুলিশ অপহূত চার ঘের মালিকের সঙ্গে সাক্ষাত্ করার চেষ্টা করছেন।