ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে গতকাল বুধবার প্রতিপক্ষের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে এবং বাড়ি-ঘর লুটপাট করা হয়। হামলায় প্রায় ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় হোসেন মিয়াকে (৪০) নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, গ্রামের মৃত খশু মিয়ার ছেলে মোঃ হোসেন মিয়ার সাথে একই গ্রামের মৃত আনু মিয়ার ছেলে জলিল গংদের জমি সংক্রান্ত পূর্ব শত্রুতায় দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে গতকাল সকালে জলিল গংদের ১০/১২ জনের একটি সশস্ত্র দল রতনপুর সড়কের পাশে একা পেয়ে হোসেন মিয়ার উপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রাখে এবং সন্ত্রাসীরা হোসেন গ্রুপের মোঃ মনিরুজ্জামান মিয়ার বাড়িতে হামলা করে লুটপাট চালায়। হামলার স্বীকার ওই পরিবারটি জানায়, সন্ত্রাসীরা নগদ টাকা-পয়সা, স্বর্ণলংকারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
