সাতক্ষীরায় উচ্ছেদের প্রতিবাদে ভূমিহীনদের সমাবেশ

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২১:৩১
সাতক্ষীরার দেবহাটা উপজেলার বৈরাগীরচর ও চিংড়িখালিতে বসবাসরত ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে অবস্থান ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি । জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত অবস্থান ধর্মঘটে গত বুধবার দুপুরে শত শত ভূমিহীন নারী-পুরুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী অবস্থান শেষে তারা বিক্ষোভ মিছিলসহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যেয়ে সমাবেশ করে। দেবহাটা উপজেলা ভূমিহীন নেতা আরশাদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলীনূর খান বাবুল, বৈরাগীরচর চিংড়িখালি ভূমিহীন সমিতির সভাপতি মীর আশরাফ আলী, মীর হাসান আলী, আব্দুস সোবহান খোকন প্রমুখ। বক্তারা বলেন, বৈরাগীরচর ও চিংড়িখালীতে বসবাসরত ভূমিহীনদের উচ্ছেদের ষড়যন্ত্র করছে স্থানীয় একটি কুচক্রীমহল। তারা ভূমিহীনদের উচ্ছেদ করে সেখানে মাছের ঘের করার ষড়যন্ত্র করছে। পরে নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা প্রশাসক ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদারের সাথে দেখা করেন। জেলা প্রশাসক এ সময় বলেন, ওই এলাকায় যেসব নদ-নদী ভরাট হয়েছে তা কাউকেই বরাদ্দ দেয়া হবে না।