ভূঞাপুরের গাবসারা ইউনিয়নে যমুনা নদীর ভাঙনে গৃহহীন পরিবারের মাঝে চাল বিতরণে জনপ্রতি ৪ কেজি চাল কম দেয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে। আর বিতরণকৃত চালের মানও অত্যন্ত নিম্ন। জানা গেছে, জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে ভূঞাপুরের গাবসারা ইউনিয়নে যমুনা নদীর ভাঙনে গৃহহীন ৪৩০জন দরিদ্রের মধ্যে ২৫ কেজি চাল বিতরণের কথা। কিন্তু চাল বিতরণকালে জনপ্রতি গড়ে ৪ কেজি কম দেয়া হয়েছে। আর এ নিয়ে ভাঙনে গৃহহীন পরিবারগুলোর মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ডিগ্রীরচর গ্রামের আলী আকবর, রুলী পাড়ার কোরবানসহ নামপ্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করে বলেন, ‘২৫ কেজি করে চাল দেয়ার কথা। কিন্তু চাল দেয়া হয়েছে কাউকে ২০ কেজি আবার কাউকে ২১ কেজি। আর প্রতিবাদ করেও লাভ হয়নি।’
নামপ্রকাশে অনিচ্ছুক গাবসারা ইউনিয়নের একাধিক ইউপি সদস্য বলেন, ‘চেয়ারম্যানের উপস্থিতিতে এ অনিয়মের সৃষ্টি হয়েছে। যার কারণে জনপ্রতিনিধিদের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে কমে যাচ্ছে।’
চাল কম দেয়ার বিষয়টি স্বীকার করে গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, ‘৪ কেজি নয় ১ কেজি করে চাল কম দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. হেলালুজ্জামান সরকার বলেন, ‘চাল বিতরণের সময় আমি উপস্থিত থাকাকালীন কম দেয়া হয়নি। চলে আসার পর যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
