কোটালীপাড়ায় প্রকল্পভুক্ত মহিলাকর্মীদের সঞ্চিত অর্থ ফেরত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন “আরইআরএমপি” শীর্ষক প্রকল্প সমাপ্তি এবং প্রকল্পভুক্ত মহিলাকর্মীদের সঞ্চিত অর্থ ফেরত প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এলজিইডি গোপালগঞ্জের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইলের সভাপতিত্বে জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শরিফুদ্দিন, উপজেলা প্রকৌশলী খান এ শামীম বক্তব্য রাখেন।
গৌরনদীতে ভিডিও চিত্র প্রদর্শনী
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ যুবসমাজকে নেতিবাচক পথ পরিহার করে সুস্থ জীবন গড়ার লক্ষ্যে “ভালবেসে সন্তানকে, এগিয়ে নিন সঠিক পথে” জনসচেতনতার লক্ষ্যে গত বৃহস্পতিবার সকালে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ভিডিও চিত্র প্রদর্শনী করা হয়। গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক মাসুদ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. মহিতুর রহমান খান। বক্তব্য রাখেন আউটরিট অফিসার এমারুল ইসলাম, বেতার শিল্পী ও সাংবাদিক আমিন মোল¬্যা প্রমুখ।
বেনাপোলে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ “গাছ লাগিয়ে ভরবো এ দেশ তৈরি করবো সুখের পরিবেশ”— এ শ্লোগান নিয়ে সপ্তাহব্যাপি শুরু হয়েছে বেনাপোল বড় আঁচড়া দাখিল মাদ্রাসায় বৃক্ষ রোপণ কর্মসূচি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ বেনাপোল শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ পল্লী উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বেনাপোল ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান প্রমুখ।
মোরেলগঞ্জে দুঃস্থ মহিলাকর্মীদের চেক বিতরণ
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জে গত বৃহস্পতিবার “রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম” শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত দুঃস্থ মহিলাকর্মীদের মাঝে চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম মোল্যা প্রমুখ।
ছাতকে নৃ-গোষ্ঠির মধ্যে গাভী ও শিক্ষাবৃত্তি বিতরণ
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতকে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির মধ্যে শিক্ষাবৃত্তি ও গাভী বিতরণ করা হয়েছে। গত বুধবার উপজেলা অডিটোরিয়ামে শিক্ষাবৃত্তি ও গাভী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ও সিলেট বিভাগীয় কমিশনার এন.এম জিয়াউল আলম। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাফায়াত মাহবুব চৌধুরীর সভাপতিত্বে ও ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না। সভা শেষে নৃ-গোষ্ঠির ৯০টি পরিবারের মধ্যে গাভী ও ১০৪ জন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার্থীর মধ্যে ৯৯ হাজার ৬শ’ টাকা শিক্ষাবৃত্তি হিসেবে বিতরণ করা হয়।
ছাগলনাইয়া পৌরসভার বাজেট ঘোষণা
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ ছাগলনাইয়া পৌরসভার ১১তম ২০১৩-১৪ইং অর্থবছরের ১ কোটি ৬২ লাখ ৫৭ হাজার ৫৯৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বুধবার ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোঃ আলমগীর বিএ এই বাজেট ঘোষণা করেন। এতে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শহীদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রাশেদা আক্তার রুমা প্রমুখ।
মেহেরপুর পাবলিক লাইব্রেরির ৪ সদস্যের পদত্যাগ
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর পাবলিক লাইব্রেরীর এডহক কমিটির ৪ জন সদস্য কমিটির সভাপতি মেহেরপুর জেলা প্রশাসক বরাবর পদত্যাগপত্র দাখিল করেছেন। পদত্যাগকারী সদস্যরা হলেন: অধ্যাপক নূরুল আহমেদ, অধ্যাপক হাসানুজ্জামান, এডভোকেট পল্লব ভট্টাচার্য ও সাংবাদিক রশিদ হাসান খান আলো। পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন যে, লাইব্রেরীর উন্নয়নে আমাদের কোন ভূমিকা বা অবদান রাখার সুযোগ না থাকায় পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
রামুতে সাংবাদিক নির্যাতনকারী গ্রেফতার হয়নি
রামু (কক্সবাজার) সংবাদদাতা \ রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে সাংবাদিক আবুল বশর নয়ন ও তার পরিবারের উপর নির্যাতনকারী, রামুর বৌদ্ধ মন্দির হামলার আত্মস্বীকৃত আসামি লতা আমিন্যা এখনো গ্রেফতার হয়নি। গত শুক্রবার লতা আমিন্যা সরকারি খাস জায়গা ও পার্শ্ববর্তী এলাকার পাহাড় কাটার সময় সাংবাদিক নয়নের পরিবার বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়।
নরসিংদীর পাওয়ারলুম শ্রমিকদের ঈদ বোনাস
নরসিংদী প্রতিনিধি \ নরসিংদীতে পাওয়ারলুম শ্রমিকদের দুই হাজার টাকা করে ঈদ বোনাস দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। গত বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাওয়ারলুম মালিক, শ্রমিক, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদরের এমপি লেঃ কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু।
টাঙ্গাইলের মির্জাপুরে জাল টাকাসহ ৪ জন আটক
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গত বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে জাল টাকা তৈরির কারিগর ও শিশু অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার হয়েছে। রাত সাড়ে আটটার দিকে মির্জাপুর উপজেলার সাটিয়াচড়া গ্রামের গফুর মৌলভীর বাড়ি থেকে প্রবাসি বিপ্লব মিয়ার শিশুপুত্র ফুয়াদকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ৫০ হাজার টাকার জাল টাকাসহ ঐ চার অপহরণকারীকে জনতা ধরে ফেলে। মির্জাপুর থানার ওসি মোঃ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করেন।
সিলেটের সীমান্তে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০
সিলেট অফিস \ সিলেটের সীমান্ত এলাকা গোয়াইনঘাটের পল্লীতে দু’ক্ষের মধ্যে দ্বিতীয় দিনের মতো ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। গত বুধবার উপজেলার তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের গিয়াছ, কুতুব, মখলিছ ও রুহুলের মধ্যে এ সংঘর্ষ হয়। বসতঘর নির্মাণকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মেলান্দহ যুবলীগের বর্ধিত সভা
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে কুলিয়া ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা ও ইফতার পার্টি ৩১ জুলাই বিকেল সাড়ে ৪টায় জোবায়দা জোব্বার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। যুবলীগের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগের আহবায়ক আব্দুর রাজ্জাক সুজা, যুবলীগের আহবায়ক মির্জা হালিম, ইউনিয়ন আ’লীগের সভাপতি আ: সালাম ও সেক্রেটারী গোলাম মোস্তফা প্রমুখ।
হোমনায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ পরিচালনার লক্ষে কনটেন্ট তৈরির বিষয়ে দক্ষতা অর্জনকল্পে হোমনা উপজেলার মাধ্যমিক ও কলেজ শিক্ষকদের মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়। এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. হেলাল হোসেনের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকম নূরুল আমিন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক আবুল বাসার সরকার প্রমুখ।
গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গাজীপুর প্রতিনিধি \ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত বুধবার কাজী আজিমউদ্দিন কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাহমুদ হাসান রাজুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাখাওয়াত্ হোসেন সবুজ, সাবেক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, মাহাবুর রহমান, হাবিবুর রহমান রিপন, জিল্লুর রহমান মাসুম, জাহাঙ্গীর আলম, মোনায়েম খন্দকার প্রমুখ।
সারিয়াকান্দিতে সরকারি গাছ কেটে নিচ্ছে
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ধারে বনবিভাগ কর্তৃক রোপণকৃত লাখ লাখ টাকার সরকারি গাছ রাতের অন্ধকারে কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। এব্যাপারে প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ। এব্যাপারে বন বিভাগ সারিয়াকান্দির ফরেস্টার বাবর আলী জানান, ইতিপূর্বে থানায় একটি মামলা দায়ের করা হলেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
রূপগঞ্জ জাসাসের আলোচনা সভা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ রূপগঞ্জ উপজেলা জাসাসের উদ্যোগে গত বুধবার বিকেলে উপজেলার বাগবের সিডি মার্কেট মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের সভাপতি জাকির হোসেন। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার সাদাত সায়েম, আলমগীর হোসেন টিটু প্রমুখ।
মনোহরগঞ্জে আমন চাষে হতাশ কৃষক
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ আমন ধান চাষ করে হতাশায় ভুগছেন মনোহরগঞ্জের চাষীরা। এবার মাঠে পানি সংকটে ভেস্তে যেতে পারে কৃষকের স্বপ্ন। ফসলি মাঠের দিকে তাকালে এমনটিই বোঝা যায়। শ্রাবণ মাসে যেখানে ভরা বর্ষায় মাঠে কোমর পানি থাকার কথা সেখানে হাঁটু পানিতে বেড়ে উঠতে পারছে না বুনো আমন ধানের চারাগুলো। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ গোলাম সারোয়ার জানান, ফলন কম হওয়ায় এখানকার চাষীদের বুনো আমনের প্রতি তেমন আগ্রহ নেই।
বরগুনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল সমাবেশ
বরগুনা (উত্তর) প্রতিনিধি \ তারেক জিয়াকে কটুক্তি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরগুনা সদর উপজেলা, কলেজ ও পৌরসভা ছাত্রদলের সমন্বয়ে গত বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ছাত্রদল সভাপতি তারিকুজ্জামান টিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক যথাক্রমে মুরাদুজ্জামান টিপন, আহসান হাবীব স্বপন ও মাইনুল হাসান লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদল নেতা মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ রনি প্রমুখ।
কীর্তনখোলা নদীর ইজারা প্রথা বাতিলের দাবি
বরিশাল অফিস \ চরকাউয়া-চাঁদমারীসহ কীর্তনখোলা নদীর সকল খেয়াঘাটের ইজারা প্রথা বাতিলের দাবিতে গত বুধবার নৌ-পরিবহনমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ। বরিশাল জেলা প্রশাসক মোঃ শহীদুল আলমের মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মানওয়ারুল ইসলাম অলি, সম্পাদক মানিক মৃধা, মোঃ কামাল চৌধুরী, সিপিবি সভাপতি একে আজাদ প্রমুখ।
সিরাজগঞ্জে ৭০ লাখ টাকার হেরোইন উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি\ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের সয়দাবাদ রেল স্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব-১২। সিরাজগঞ্জ র্যাব-১২ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এএসপি অশোক কুমার পাল জানান, গত বুধবার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সয়দাবাদ রেল স্টেশনে রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটিতে তল্লাশি চালিয়ে (ট্রেনের বগি নং-৭৩০১) ৭টি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।
ডিমলায় মাছের পোনা অবমুক্ত
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গত বুধবার মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমু্ক্ত করা হয়। উপজেলা মত্স্য বিভাগের উদ্যোগে ১ লাখ টাকায় ১ হাজার ৭৩৬ দশমিক ৮৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। ডিমলা সদর ইউনিয়নের সিংহারা মরা নদীতে পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাবউদ্দিন সরকার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফ, ভাইস চেয়ারম্যান রবিউল করিম উপস্থিত ছিলেন।
পিরোজপুর পৌরসভায় ইনসেপশন ওয়ার্কশপ
পিরোজপুর অফিস \ পৌরসভার দক্ষতা ও পরিচালনা ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম বিষয়ক এক ইনসেপশন ওয়ার্কশপ গত বুধবার পিরোজপুরে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত মেয়র মিনারা মাহবুবের সভাপতিত্বে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এ ওয়ার্কশপে বক্তব্য রাখেন এলজিইডির উপকূলীয় শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিশেষজ্ঞ সাইদুর রহমান খান, তাজকেরা খায়ের ও একেএম আমিনুল ইসলাম এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী ম. আবু হানিফ প্রমুখ।
কুমিল্লায় সাংবাদিক সম্মেলন
গাজীপুর হাউজ কমপ্লেক্সের মালিকের ছেলে কাজী মুশফিকুর রহমান মঙ্গলবার কুমিল্লা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেছেন। সম্মেলনে তিনি বলেন, গত ২২ জুলাই রাতে বাখরাবাদ গ্যাস এর সিবিএ’র নেতা কাজী আবু নওশাদকে র্যাব-১১ আটক করে। এ ঘটনায় নওশাদের পরিবার তাঁর ভগ্নিপতি কর্ণেল (অব.) মোঃ শহীদ উদ্দীনকে জড়িয়ে সাংবাদিক সম্মেলন করায় তাঁদের সম্মানহানি হয়েছে। প্রকৃত ঘটনা হলো এই যে, নওশাদের পরিবারের সাথে রাস্তা নিয়ে মতবিরোধ ছিল কিন্তু জনস্বার্থে নিজেদের জমি রাস্তার জন্য দিয়ে সেই বিরোধ তাঁরা মিটিয়ে ফেলেছেন। নওশাদের পারিবারের সাথে তাদের কোন বিরোধ নেই। তাঁর ভগ্নিপতি সিবিএ নেতা নওশাদকে আটকের সাথে সম্পৃক্ত নয়। -প্রেস বিজ্ঞপ্তি
