প্রত্যাবর্তনেই হিঙ্গিসের জয়

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২২:০১
দারুণ এক জয়ে টেনিসের আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন মার্টিনা হিঙ্গিস। ড্যানিয়েলা হান্তুসোভাকে সঙ্গে নিয়ে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ওপেনের দ্বৈতে নিজের প্রথম ম্যাচে গত বুধবার জুলিয়া জর্জেস এবং দার্জিয়া জুরাকের বিরুদ্ধে হিঙ্গিস জুটি জয় পান ৬-১, ৬-১ গেমে। হিঙ্গিস এই টুর্নামেন্টের মধ্য দিয়েই প্রায় ছয় বছর পর আবারো প্রতিযোগিতামূলক টেনিসে ফিরলেন। তবে ভক্তরা যে তাকে এখনো ভুলে যাননি তার প্রমাণ পাওয়া গেল হিঙ্গিস কোর্টে ঢোকার সাথে সাথেই। এই সুইস সুপারস্টারের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে দর্শকরা তুমুল করতালিতে অভিবাদন জানালেন তাকে। আর কোর্টে দারুণ খেলে ভক্তদের আস্থার প্রতিদানও দিলেন তিনি। দারুণ কিছু শটে বুঝিয়ে দিলেন নয়টি গ্র্যান্ড স্ল্যাম দ্বৈত জয়ের রহস্য। ম্যাচের পঞ্চম পয়েন্ট পর্যন্ত অবশ্য সার্ভ করার সুযোগ পাননি ২০০৭ সালে সর্বশেষ পেশাদার টেনিস খেলা হিঙ্গিস। তবে দারুণ এক ব্যাকহ্যান্ড ভলিতে প্রতিপক্ষকে পরাস্ত করে নিজেদের দ্বিতীয় পয়েন্টটা তুলে নেন এই ৩২ বছর বয়সীই। ম্যাচ শেষে তাই সবকিছু মিলিয়ে সন্তুষ্টই মনে হলো হিঙ্গিসকে, ‘আমার মনে হয় (প্রথম সেটের পর) আমি নিজেকে ফিরে পেতে শুরু করি। বল ফেরত পাঠানো, সার্ভ করা সবদিক থেকেই।’ তবে প্রথম সেটে যে কিছুটা হলেও আড়ষ্ট ছিলেন সেটা স্বীকার করলেন তিনি। ক্যারিয়ারে ২০৯ সপ্তাহ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা হিঙ্গিস বলেন, ‘(প্রথম সেটের পর) আমি স্বাভাবিক হয়ে যাই। মানসিকভাবে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। দ্বিতীয় সেটের প্রথম সার্ভের পরই আমার মনে হলো, ‘সবকিছু আবার আগের মতো হয়ে গেছে’।’ চলতি টুর্নামেন্ট তো বটেই হান্তুসোভার সাথে ইউএস ওপেনসহ আরো চারটি টুর্নামেন্ট খেলার পরিকল্পনা করেছেন হিঙ্গিস। এর আগেও দু’জনে জুটিবদ্ধ হয়ে খেলেছেন বেশ কয়েকটি টুর্নামেন্ট। আবারো দু’জনে জুটি বাধার সম্ভাবনায় রোমাঞ্চিত হান্তুসোভাও, ‘আমাদের দু’জনের জন্যই এটা ছিল কঠিন একটা পরীক্ষা। তবে আমরা যেভাবে জিতলাম সেটা আগামী কয়েক সপ্তাহে আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস যোগাবে।’ এর আগে ২০০৩ প্রথমবারের মতো টেনিসকে বিদায় জানানোর পর আবারো ফেরেন হিঙ্গিস। পরবর্তীতে ২০০৭’র নভেম্বরে আবারো টেনিসকে বিদায় জানান তিনি।