ক্রিস রজার্সের দারুণ এক ইনিংসের পর মাইকেল ক্লার্কের হাফ সেঞ্চুরিতে সিরিজে প্রথমবারের মতো ভাল সূচনা পেল অস্ট্রেলিয়া। ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় ইনভেস্টেক অ্যাশেজ টেস্টের প্রথম দিনের চা বিরতি পর্যন্ত তিন উইকেট হারিয়ে অজিরা সংগ্রহ করেছে ১৮০ রান। তবে আগের দুই টেস্টের মতো এবারও ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক।
উদ্বোধনী জুটিতে ৭৬ রান যোগ করার পর শেন ওয়াটসন ফিরে গেলেও অন্য প্রান্তে পাল্টা আক্রমণ চালাতে থাকেন রজার্স। বাহাতি এই ব্যাটসম্যান তার পঞ্চাশ তুলে নেন মাত্র ৪৯ বলে। ওয়াটসনের বিদায়ের পরপরই অস্ট্রেলিয়া হারায় উসমান খাজার উইকেটটিও। গ্রায়েম সোয়ানের বলে উইকেট রক্ষক ম্যাট প্রিয়র খাজার বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন করলে তাতে সাড়া দেন আম্পায়ার। খাজা ডিআরএসের দ্বারস্থ হলে টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে বল তার ব্যাটে লাগেনি। একই মত দেয় হক আই এবং স্নিকো পদ্ধতিও। তবে অদ্ভুুত কারণে টিভি আম্পায়ার কুমার ধর্মসেনা মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বজায় রাখেন। এরপর রজার্সের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক ওয়াটসন। তবে আবারও আঘাত হানেন সোয়ান। দারুণ খেলতে থাকা রজার্সকে ৮৪ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। তবে চতুর্থ উইকেটে স্টিফেন স্মিথকে সঙ্গে নিয়ে চা বিরতি পর্যন্ত বাকি পথটুকু নিরাপদেই পাড়ি দেন ক্লার্ক। দিনশেষে তিনি অপরাজিত ছিলেন ৫৫ রানে, স্মিথের সংগ্রহ ছিল ২০।
