চতুর্থ ওয়ানেডেতেও সহজ জয় পেল বিশ্বচ্যাম্পিয়ন ভারত। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটিতে গতকাল বুলাওয়েতে সফরকারীরা নয় উইকেটে জিতেছে জিম্বাবুয়ের বিরুদ্ধে। প্রথম তিনটি ম্যাচ জিতে অবশ্য এর আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছিল ভারত।
বিরাট কোহলির অধিনায়কত্ব দক্ষতা পরীক্ষা করা, দলের উঠতি কয়েকজন খেলোয়াড়কে বাজিয়ে দেখা; যে লক্ষ্য নিয়ে ভারত তুলনামূলক বিচারে দুর্বল আফ্রিকান দেশটিতে খেলতে এসেছিল তার প্রায় সবগুলোই এই সিরিজে পূরণ হলো। মিডল অর্ডার ব্যাটসম্যান আম্বাতি রাইডু, পেসার জয়দেব উনাদকাট আগেই তাদেরকে দলে নেয়ার যথার্থতা প্রমাণ করেছিলেন। এই ম্যাচে দারুণ বোলিং করলেন আরেক উদীয়মান পেসার মোহিত শর্মাও।
দশ ওভার বল করে তিনটি মেডেনসহ মাত্র ২৬ রানে দুই উইকেট নিয়েছেন শর্মা। তবে তিন উইকেট নিয়ে দলের সবচেয়ে সফল বোলার ছিলেন স্পিনার অমিত মিশ্র। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রায় সাত ওভার বাকি থাকতেই ১৪৪ রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। অলরাউন্ডার এলটন চিগাম্বুরা দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন।
অপেক্ষাকৃত কম রানের তাড়ায় নেমে ভারত শুরুতেই হারায় চিতেশ্বর পূজারার উইকেটটি। তবে দ্বিতীয় উইকেটে রোহিত শর্মা এবং সুরেশ রাইনার অবিচ্ছিন্ন ১২২ রানের জুটি সহজ জয় এনে দেয় ভারতকে। শর্মা ৬৪ এবং রাইনা ৬৫ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা নির্বাচিত হয়ে মোহিত শর্মা তার অভিষেকটাকে স্মরণীয় করে রাখেন। সিরিজের শেষ ম্যাচটি আগামী ৩ তারিখ অনুষ্ঠিত হবে।
