বেলকে নিয়ে আলোচনার কথা জানালেন রিয়াল কোচ

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২২:০৪
গ্যারেথ বেলকে দলভুক্ত করার চেষ্টায় টটেনহ্যামের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে বেল দলবদলের বাজারে নতুন বিশ্ব রেকর্ড গড়ে টটেনহ্যাম ছাড়তে পারেন। আনচেলত্তি গত বুধবার বিকেলে লস এঞ্জেলসে এক সংবাদ সম্মেলনে বলেন,‘বেল সম্পর্কে এই মুহূর্তে কিছু বলাটা কঠিন, কারণ সে বর্তমানে রিয়াল মাদ্রিদের কোন খেলোয়াড় নয়। আমার মনে হয় ক্লাব কর্তৃপক্ষ এ বিষয়ে তাকে নিয়ে রফার একটি পথ খুঁজছে। এখন দেখা যাক কি হয়।’ ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে ২৬ গোল করে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাওয়া এই তারকা খেলোয়াড়কে নিয়ে তার বর্তমান ক্লাব টোটেনহ্যাম হটস্পার নানামুখি প্রশ্নের সম্মুখীন হচ্ছে। স্পার্স নামে পরিচিত দলটির কোচ আন্দ্রে ভিয়াস বোয়েস গত সপ্তাহে ক্লাবটিকে নিয়ে মৌসুম পূর্ব সফরে হংকংয়ে সফর করার সময় বলেছিলেন যে তারা নতুন চুক্তির বিষয়ে ২৪ বছর বয়সী ওই তারকার সঙ্গে কথা বলেছেন। তবে এখন পর্যন্ত বেলকে নিয়ে কারো সাথে কোন চুক্তি হয়নি। যদিও বৃটেন এবং স্পেনে প্রকাশিত রিপোর্টে বলা হয় যে আনুমানিক আট কোটি পাউন্ডের বেশি অর্থের বিনিময়ে রিয়াল তাকে দলভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে।-বাসস