বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিয়ম অনুযায়ী এই সময়ের মধ্যে দেশি-বিদেশি সব খেলোয়াড়ের গত আসরের ৫০ ভাগ পাওনা পেয়ে যাওয়ার কথা ছিল; কিন্তু ঢাকা গ্লাডিয়েটর্স ও দুরন্ত রাজশাহী ছাড়া এই নিয়ম মেনে কেউই টাকা পরিশোধ করেনি। বাকিরা প্রথম কিস্তির, মানে ২৫ শতাংশ টাকা দিয়ে থমকে আছে। এ অবস্থায় সর্বশেষ সভায় বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, ঈদের আগে দেশি খেলোয়াড়দের ৫০ শতাংশের বাকি পাওনাটা দিয়ে দেয়া হবে।
গতকাল বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, এ সপ্তাহের প্রথম দিকেই খেলোয়াড়রা প্রতিশ্রুত এই টাকা হাতে পেয়ে যাবেন। এরই মধ্যে বিসিবি এ জন্য প্রয়োজনীয় কাগজপত্রের কাজ শেষ করেছে বলে জানালেন তিনি, ‘বোর্ড সভায় যেহেতু সিদ্ধান্ত হয়েছে, ঈদের আগে অবশ্যই প্রতিশ্রুত টাকা দিয়ে দেয়া হবে। আমরা কাগজপত্রের কাজ আজই (গতকাল) শেষ করে ফেলেছি। আশা করি, রবি-সোমবার থেকে খেলোয়াড়রা টাকা পেয়ে যাবে।’
