২০১২ সালের মার্চ মাসে নিম্বাসের সঙ্গে টিভি স্বত্বের চুক্তি শেষ হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এখনো পর্যন্ত নিম্বাসের সঙ্গে দেনা-পাওনা বিষয়ে ফয়সালা হয়নি, নতুন করে টিভি স্বত্বের জন্য কাউকে পায়নি বিসিবি। সর্বশেষ এডহক কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আপাতত তারা শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটার জন্য টিভি স্বত্ব বিক্রি করবে; পরে নির্বাচিত কমিটি এসে দীর্ঘ মেয়াদের চুক্তি করবে কারো সঙ্গে। এভাবেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা চ্যানেল নাইনের কাছে বিক্রি করা হয়েছিল। সে লক্ষ্যে আহ্বান করা দরপত্র জমা দেয়ার শেষ দিন ছিল গতকাল; কিন্তু শেষ পর্যন্ত একদমই দরপত্র জমা পড়ল না।
এখন বিসিবি দরপত্র জমা দানের তারিখ বাড়াতে পারে বা আলোচনার মাধ্যমে ঠিক করতে পারে পরবর্তী টিভি স্বত্বাধিকারী। দুইটি সম্ভাবনাই আছে বলে জানালেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘কোনো দরপত্র জমা পড়েনি। ফলে আমাদের সামনে এখন দুইটি পথই আছে। এখন বিসিবিই ঠিক করবে, কোন পথে যাওয়া হবে।’
বিসিবির একটি সূত্র জানালো, ইতিমধ্যে স্থানীয় ও বিদেশি কয়েকটি চ্যানেলের কাছ থেকে অনানুষ্ঠানিক ভাবে প্রস্তাবও পেয়েছে তারা।
