নেইমারই ভবিষ্যত্ বিশ্বসেরা: পেলে

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২২:০৫
ফুটবল কিংবদন্তি পেলে মনে করেন, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা হবার সব গুণাবলিই আছে নেইমারের মধ্যে। তবে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে পরোক্ষ ভাবে হলেও এই মুহূর্তের সেরা দুই খেলোয়াড় হিসেবে মেনে নিচ্ছেন তিনি। প্রথমবারের মতো ইউরোপের কোন লিগে খেলতে এসে নেইমার সতীর্থ-প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোকে। খবরের শিরোনাম হতে হলে পরবর্তী মৌসুমে তাদের সাথেই পাল্লা দিতে হবে এই ২১ বছর বয়সী তারকাকে। তবে পেলে মনে করছেন, তাতে নেইমারের ভয় পাবার কিছু নেই। কারণ, সেরা হতে যা প্রয়োজন তার সবকিছুই আছে নেইমারের মধ্যে। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে বলেন, ‘মানুষ তার (নেইমার) সাথে লিওনেল মেসির তুলনা করতে ভালবাসে। তবে মনে রাখতে হবে, অভিজ্ঞতার দিক থেকে মেসি অনেক বেশি সমৃদ্ধ। গোলের সুযোগ সৃষ্টির দিক থেকে বলতে গেলে ক্রিশ্চিয়ানো রোনালদোর কথাও বলতে হবে। তবে যদি আগামী দিনের কথা বলতে হয়, তা হলে আমি নেইমারের কথাই বলবো।’