ধুনটে হাজারো দরিদ্র নারীর কর্মসংস্থান

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২১:০৮
ধুনটে আড়াই হাজার দরিদ্র নারীর কাজের বিনিময়ে তাদের পরিবারের প্রায় দশ হাজার মানুষ খাদ্যের নিশ্চয়তা পেয়েছে। পুরুষের পাশাপাশি নারীরাও শারীরিক শ্রমের বিনিময়ে উপার্জনে অংশ নেয়ায় এলাকায় দারিদ্র্যতার হার কমছে। জানা যায়, বাংলাদেশ সরকার ও বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) অর্থায়নে উপজেলার এলাঙ্গী ও ধুনট সদর ইউনিয়নে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন প্রভাব সহন শীর্ষক প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের আওতায় দুই ইউনিয়নের আড়াই হাজার দরিদ্র মহিলা কাজ করার সুযোগ পেয়েছে। গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর সহযোগিতায় এলজিইডি প্রকল্পটি বাস্তবায়ন করছে। এলাকায় জনগুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা, বাঁধ নির্মাণ ও খাল খননের জন্য ১১০টি প্রকল্প তৈরি করা হয়েছে। উপকারভোগী নারীরা প্রতিদিন মাটি কাটার বিনিময়ে ২ কেজি চাল, ২০০ গ্রাম ডাল, ১০০ গ্রাম তেল ও ৫৮ টাকা মজুরি পান। উপযুক্ত পারিশ্রমিক পাওয়ায় উপকরাভোগী নারীরা স্বতঃস্ফূর্তভাবে প্রকল্পের কাজ করছে। ফলে প্রকল্পের আওতায় খাল খনন, রাস্তা ও বাঁধ নির্মাণের কাজ এগিয়ে চলছে। ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মাসুদ রানা বলেন, এ প্রকল্পে নারীদের কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় হতদরিদ্র পরিবারগুলোতে আয় বাড়ছে। এসব পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। ধুনট উপজেলা প্রকৌশলী সালাহ উদ্দিন বলেন, প্রকল্পের আওতায় বিভিন্ন রাস্তা ও বাঁধ নির্মাণ করা সম্ভব হচ্ছে। পাশাপাশি এলাকার দুস্থ মহিলারা এ প্রকল্পে কাজ করে তাদের পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে।