নড়াইলে মধুমতি নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২১:১৩
নড়াইলের মধুমতি নদীর চাপাইল ঘাট এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে ইসমাইল শেখ (২৩) নামের এক যুবকের হাত-পা বাঁধা জবাই করা লাশ উদ্ধার করেছে নড়াগাতি থানার পুলিশ। নিহত ইসমাইল শেখ নড়াগাতি থানার চাপাইল গ্রামের মুনছুর শেখের পুত্র। নিহতের ভাই হারুন শেখ জানান, গত ৩০ জুলাই রাতে তারাবির নামাজ শেষে ইসমাইল শেখ চাপাইল ঘাটে একটি দোকানে বসে একই গ্রামের শহিদুল ও ইশারতের সাথে বসে গল্প করছিল। কিন্তু রাতে ফিরে না আসায় পরের দিন থেকে আমরা তাকে খুঁজতে বের হই। শুক্রবার সকালে পথচারী লোকজন মধুমতি নদীর চাপাইল ঘাট এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দিলে আমরা এসে ইসমাইলের লাশ শনাক্ত করি। তবে ইসমাইলের কোন শত্রু ছিল না। নড়াগাতি থানার ওসি আমীর তৈমুর ইলী জানান, স্থানীয় লোকজন নদীতে লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে হাত-পায়ে ইট বাঁধা অবস্থায় জবাই করা লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।