কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর চান্দিনা সাব-স্টেশনে সংযোজিত হচ্ছে আরও ১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সফরমার। যার ফলে পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর আওতাধীন চান্দিনা উপজেলাসহ আংশিক দেবিদ্বার উপজেলার প্রায় ৬০ সহস্রাধিক গ্রাহক প্রতিদিন গড়ে ২০-২২ ঘন্টা বিদ্যুত্ সুবিধা পাবেন।
সূত্রে জানা যায়, চান্দিনা সাব স্টেশনে মাত্র ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২টি ট্রান্সফরমার ছিল। ফলে প্রতিদিন লোডশেডিং দিয়ে সেগুলো নিয়ন্ত্রণ করতে হয়েছে। আবেদন ক্রমে সরকার সমিতির এ সাব-স্টেশনে সাড়ে ৪ কোটি টাকা মূল্যে ১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও একটি ট্রান্সফরমার প্রদান করেছে।
এ ব্যাপারে সমিতির ইঞ্জিনিয়ার মো. আশরাফুল ইসলাম জানান, ওই ট্রান্সফরমার স্থাপনের কাজ শেষে আগামী সপ্তাহ থেকে এর সুবিধা পাবে গ্রাহক। অপরদিকে যে সমস্ত ফিডারগুলোতে বেশি লাইন রয়েছে সেগুলোকে ভাগ করে আরও ফিডার বৃদ্ধি করা হচ্ছে।
