রুবেল নামে এক রিকশাচালকের গলা কেটে রিকশা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ঘন্টা কয়েক সময়ের মধ্যে রিকশা বিক্রি করতে গিয়ে হাতে-নাতে ধরা পড়েছে আকাশ ও সুমন নামে ২ ছিনতাইকারী। বৃহস্পতিবার পলাশ উপজেলার কালিবাজার ও শিবপুর উপজেলার সৈয়দ নগর গ্রামে এই ঘটনা দু’টি ঘটে। জানা গেছে, সদর উপজেলার চরাঞ্চলের নবীপুর গ্রামের শহিদুল ইসলামের পুত্র রুবেল মিয়া রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। বৃহস্পতিবার ভোরে সে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় যাত্রী আনতে গেলে আকাশ ও সুমন যাত্রী হয়ে তার রিকশায় আরোহণ করে। রুবেল যাত্রীবেশী ছিনতাইকারীদের নিয়ে কালিবাজার এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা রিকশাচালক রুবেলকে মারধর শুরু করে।
একপর্যায়ে সে চিত্কার করতে থাকলে তারা ছুরি দিয়ে তার গলার শ্বাসনালীর সম্মুখভাগের কিয়দংশ কেটে ফেলে। রক্তাক্ত অবস্থায় রুবেল মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার রিকশা নিয়ে পালিয়ে যায়। সকাল ১০টায় দুই ছিনতাইকারী রিকশাটি নিয়ে শিবপুরের সৈয়দনগর গ্রামে বিক্রি করতে গিয়ে ৮ হাজার টাকা দাম হাঁকে। কিন্তু ক্রেতা ৩ হাজার টাকা বলার সাথে সাথে ছিনতাইকারীরা রাজি হয়ে যায়।
