এবারের ঈদে নতুন করে একাধিক অডিও অ্যালবাম প্রকাশ পেলেও একেবারে ভিন্ন আঙ্গিকে অ্যালবাম বাজারে ছেড়েছেন বেশ ক’জন শিল্পী ও সুরকার। তারা নিজেরাই সেল্ফ প্রডিউসার হিসেবে বাজারে অ্যালবাম প্রকাশ করেছে। এর ভেতর সর্বপ্রথম উদ্যোগ নিয়েছে ব্যান্ডদল শিরোনামহীন। তারা এবারে তাদের অ্যালবামের মূল্য রেখেছেন রেকর্ড পরিমাণে। ২০০ টাকা মূল্যের সিডিতে এবারে শিরোনামহীন তাদের অ্যালবাম প্যাকসহ একাধিক উপহার সামগ্রী নিয়ে চমক দেখিয়েছেন। তাই এখনকার তরুণ ব্যান্ডগুলোও ভাবছেন একেবারেই নতুন করে। এ প্রসঙ্গে শিরোনামহীনের অন্যতম সদস্য জিয়া বলেন, ‘আমরা নিজেদের দর্শকদের আর ঠকাতে চাই না, পাশাপাশি আমরা নিজেরাও ঠকতে চাই না। কারণ, প্রকাশকদের সাথে অবিশ্বাস আর নীতিহীনতার কারণেই আমরা এই উপায়ে অ্যালবাম বিপণনের উদ্যোগ নিয়েছি। তবে এত অল্প সময়ে আমাদের এই উদ্যোগে যে এতটা সাড়া পাওয়া যাবে তা কখনও ভাবিনি আগে।’ উল্লেখ্য ‘রকমারি’র ব্যানারে শিরোনামহীন তাদের অ্যালবাম বাজারজাত করে।
ঠিক একই উপায়ে এবারে নিজের একক অ্যালবাম বাজারে রিলিজ করেছে আমিরুল মোমেনীন মানিক। তার সলো অ্যালবাম ‘অবাক শহরে’ও নিজ উদ্যোগে রিলিজ দিচ্ছে। সেভেন্টিওয়ান প্রযোজিত এই অ্যালবামে নিজ উদ্যোগে রিলিজ প্রসঙ্গে মানিক বলেন, ‘এখন থেকে নিজের গানের স্বত্ব নিজের কাছে রাখতেই এই উদ্যোগ। এবং খুবই ভালো রেসপন্স পাচ্ছি।’ পাশাপাশি ‘অমিয়সুধা’ নামের একটি ব্যয়বহুল মিক্সড অ্যালবামও এবারের ঈদ বাজারে নিজ উদ্যোগে রিলিজ হয়েছে। এই অ্যালবামে গান গেয়েছেন এলিটা, সোমলতা, পড়শী, মালা, মানিক, জুয়েল মোর্শেদ, ইরিন জামান, মীরাক্কেল জামিল, অপরাজিতা-মিথুনসহ অনেকে।
