গত মৌসুমে ট্রেবল জয়ের পর নতুন কোচ পেপ গার্দিওলার অধীনে প্রাক মৌসুম প্রস্তুতিতেও নিজেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখলো জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। টেলেকম কাপ জয় দিয়ে শুরু। আর গত বৃহস্পতিবার রাতে অডি কাপের ফাইনালে ম্যানসিটিকে ২-১ গোলে হারিয়ে অডি কাপের শিরোপা জিতে নিলো গত মৌসুমের ইউরোপ সেরা দলটি। আর এমন জয়ের পর দলের নতুন কোচ গার্দিওলাও আগাম হুঙ্কার দিয়ে রাখলেন। জানালেন আগামী মৌসুমের জন্য পুরোপুরি প্রস্তুত তার দল।
ম্যাচের প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে দলকে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির অ্যালভ্যারো নেগ্রেডো। সেই গোল আসে ৬১ মিনিটে। তবে, খুব বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি সিটি। পাঁচ মিনিট পরেই সমতায় ফেরে বাভারিয়ানরা। গোল করেন থমাস মুলার। আর সাত মিনিট পর এবার এগিয়ে যায় তারা। গোলদাতা ক্রয়োশিয়ান ফরোয়ার্ড মারিও মানজুকিচ। থমাস মুলার ও মারিও মানজুকিচের গোলে শিরোপা নিশ্চিত হয় জার্মান চ্যাম্পিয়নদের। সাবেক বার্সেলোনা কোচ পেপ গার্দিওলার অধীনে এটা তাদের দ্বিতীয় শিরোপা।
ম্যাচ শেষে গার্দিওলা দলের পারফরম্যান্সে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমরা প্রথমার্ধে বেশ ভালো খেলেছি কিন্তু যথেষ্ট আক্রমণ করা হয়নি। নিঃসন্দেহে সিটি একটি ভালো দল। দ্বিতীয়ার্ধে কিছু পরিবর্তন আনায় ভালো কাজ হয়েছে। আমি এই মৌসুমের জন্য আশাবাদী ছিলাম। কোচ সবসময় জয়ের জন্য আশাবাদী থাকে।’ এরপর গার্দিওলা জোর দিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা প্রস্তুত!’
এর আগে বুধবার সাও পাওলোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে বায়ার্ন। অপর সেমিফাইনালে এসি মিলানকে ৫-৩ গোলে হারায় ম্যানসিটি। অপর খেলায় সাও পাওলোকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান পেয়েছে এসি মিলান।
এদিকে বায়ার্নের তারকা ফুটবলার থমাস মুলার বললেন, ‘আমরা এখন ভালো পর্যায়ে আছি, ম্যানসিটি মতো সেরা দলের বিপক্ষে জিতেছি। আমাদের কিছু সমস্যাও রয়েছে যা পরিবর্তন করতে হবে।’
