নিলামে উঠছে ব্র্যাডম্যানের ব্যাট

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২১:৪২
১৯৪৮ সালের ‘দুর্ধর্ষ’ অস্ট্রেলীয় দলের সদস্যদের স্বাক্ষর করা কিংবদন্তী ক্রিকেটার ডোনাল্ড ব্রাডম্যানের ব্যবহূত একটি ক্রিকেট ব্যাট চলতি মাসে নিলামে তোলা হচ্ছে। ব্যাটটি নিলামে ১৭ হাজার ৯শ’ মার্কিন ডলারে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। ব্যাটটির নিলামকারী প্রতিষ্ঠানের মালিক চার্লস লেস্কি বলেন, ১৯৪৮ সালে অসি দল ইংল্যান্ড সফরে যাবার আগে প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটের ফাইনালে ব্যাটটি দিয়ে ব্র্যাডম্যান ১১৫ রান সংগ্রহ করেছিলেন। দলটিকে ‘দুর্ধর্ষ’ বলার কারণ হচ্ছে এটিই একমাত্র অসি দল যারা পুরো এ্যাশেজ সিরিজ কাটিয়েছে অপরাজিত হিসেবে। ২০ বছর ধরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট এসোসিয়েশনে প্রদর্শন করে আসা ব্যাটটি আগামী ১৫ আগস্ট মেলবোর্নে নিলামে তোলা হবে। ২০০১ সালে ৯২ বছর বয়সে পরলোকে যাওয়া অস্ট্রেলিয়ার ওই কিংবদন্তী ব্যাটসম্যান ১৯৪৮ সালে ইংল্যান্ডে তার ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলার পর অবসর গ্রহণ করেন। তার ৯৯.৯৪ ব্যাটিং গড় এখনো শীর্ষে অবস্থান করছে।