প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে সিপিডি

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২২:০৪
রানা প্লাজা ধসের পর বিভিন্ন সংস্থার দেয়া প্রতিশ্রুতি ও তা বাস্তবায়নে কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিপিডি মনে করে এ ধরনের একটি উদ্যোগের ফলে প্রতিশ্রুতি বাস্তবায়ন প্রক্রিয়ায় যথাযথ জবাবদিহিতা, সামাজিক দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। দুর্ঘটনার শিকার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের আশা-হতাশা ও প্রত্যাশা-প্রাপ্তির কথাগুলো জানার এবং প্রতিশ্রুতি ও তা বাস্তবায়নের মূল্যায়নের একটি সুযোগ সৃষ্টি হবে। এ ক্ষেত্রে সিপিডির সাথে যুক্ত হয়েছে দেশের বেশ কিছু সংগঠন ও বিশিষ্টজন। তাদের মধ্যে রয়েছে—আইএবি, আইন ও সালিশ কেন্দ্র, আহসানিয়া মিশন, একশনএইড বাংলাদেশ, গণসাক্ষরতা অভিযান, টিআইবি, ডেইলি স্টার, নারীপক্ষ, নিজেরা করি, প্রথম আলো, বেলা, ব্লাস্ট, মানুষের জন্য ফাউন্ডেশন এবং সুজন। সিপিডি আরো জানায়, ২৪ এপ্রিলের রানা প্লাজার মর্মান্তিক দুর্ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১১৩১ জন পোশাক শিল্প শ্রমিক, যা এদেশের ইতিহাসে মানব-সৃষ্ট বিপর্যয়গুলোর মধ্যে ভয়াবহতম। দেশের সকল স্তরের নাগরিকদের মাঝে নিহত ও আহতদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ এবং সহযোগিতার এক অভূতপূর্ব ঐক্যবদ্ধ প্রয়াস ছিল লক্ষণীয়। এর পাশাপাশি দুর্ঘটনা-পরবর্তী করণীয়সমূহের প্রেক্ষাপটে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংস্থার পক্ষ থেকে আর্থিকসহ বিভিন্ন ধরনের সাহায্য-সহযোগিতার অনেক প্রতিশ্রুতিও দেয়া হয়েছে।