বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সাজ ফ্যাশন নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা কাওরান বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
শুক্রবার সকাল থেকে শতাধিক গার্মেন্টস শ্রমিক কাওরান বাজার থেকে এফডিসিমুখী সড়কের চ্যানেলটির সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় শ্রমিকরা একুশে টেলিভিশনের ভবন জাহাঙ্গীর টাওয়ারের কয়েকটি গ্লাস ভাঙচুর করে।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ইত্তেফাককে জানান, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামের ছোটভাই টুটুলের মালিকানাধীন সাজ ফ্যাশন গার্মেন্টস ফ্যাক্টরিটি চার মাস আগে বন্ধ করে দেয়া হয়।
গার্মেন্টসের ভবনটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত হওয়ায় কারখানাটি বন্ধ করে দেয়া হয়। ওইসময় শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ২ আগস্ট দেয়ার হবে বলে জানান হয়। কিন্তু কর্তৃপক্ষের বেতন পরিশোধের কোনো উদ্যোগ না পেয়ে শ্রমিকরা একুশে টেলিভিশনের সামনে অবস্থান নেন।
এক পর্যায়ে আবদুস সালামের ভাগ্নে সাদেকুল ইসলাম ওই ভবন থেকে বেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শ্রমিকরা তাকে ধাওয়া দিলে তিনি রাস্তায় পড়ে গিয়ে সামান্য আহতও হন।
বর্তমানে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোন ধরনের সমঝোতা না হওয়ায় বিকেল ৫টার দিকে শ্রমিকরা সেখান থেকে চলে যান।
