চ্যানেল আইতে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। রেজানুর রহমান এবার ঈদে নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘রাফখাতা’। নাটকের কাহিনীতে দেখা যাবে—দেশের চলমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার কিছু চিত্র ফুটে উঠেছে এই নাটকে। শিল্পপতি আমজাদ সাহেবের বড় মেয়ে বৃষ্টি রাতে স্বপ্ন দেখে কোনো এক অজ্ঞাত স্থানে অদ্ভুত চেহারার কিছু লোক তাকে জেরা করছে। জেরার মুখে নিজের বাবাকে গুলি করে বৃষ্টি। স্বপ্ন ভেঙে যায়। বাস্তবে এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড়ায় বৃষ্টি। তার বাবাকে একদল লোক উঠিয়ে নিয়ে গেছে। ৫০ লাখ টাকা দাবি করে উড়ো ফোন আসে বৃষ্টিদের বাসায়। ঘটনাক্রমে বৃষ্টির আরেক ছোট বোন কৃষ্টিও উধাও হয়ে যায়। আজবাদে কাল ঈদ। অথচ পরিবারটি হয়ে ওঠে অসহায়। অভিনয় করেছেন লাক্স-চ্যানেল আই তারকা ঈশানা, আবীর খান, মাহবুবা রেজানুর, সুকর্ণ আহমেদ, সৈয়দ ইকবাল প্রমুখ।
প্রচারিত হবে ঈদের আগের দিন সন্ধ্যে ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে।
