¬বার্সেলোনায় সাঁতারুদের অভিযান শেষ

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২০:৫০
বিশ্ব সাঁতারে বাংলাদেশের অভিযান গতকাল শেষ হয়েছে। স্পেনের বার্সেলোনায় বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশের শেষ দিনে পুলে নেমেছিলেন মাহফুজা খাতুন শিলা। ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে শিলা ৭৪ জনের মধ্যে ৬১তম স্থান পেয়েছেন। তার সময় লেগেছে ৩৫.৬৩ সেকেন্ড। এবার নিয়ে শিলা বিশ্ব সাঁতারে দুইবার অংশগ্রহণ করলেন। মার্চে বাংলাদেশ গমেস সাঁতারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এই ছাত্রী নিজের ইভেন্টে স্বর্ণ জয় করেছিলেন। সময় নিয়েছিলেন ৩৬.০৩ সেকেন্ড। এবার সেটাই ধরে রাখতে পারেননি তিনি। শিলার রেজাল্ট যেমনই হোক না কেন শুক্রবার হওয়া ৫০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে বাংলাদেশের মাহফিজুর রহমান ১০৭ জনের মধ্যে ৫৯তম স্থান পেয়েছেন। এটা বাংলাদেশের যে কোন সাঁতারুর প্রথম রেকর্ড বলে সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন মাহফিজুর রহমান। এই ইভেন্টে তার সময় লেগেছে ২৪.৩৯ সেকেন্ড। বাংলাদেশ গেমসে স্বর্ণ জয়ী এই সাঁতারুর সময় ছিল ২৪.৪১। আরেক সাঁতারু অনিক ইসলাম বাটার ফ্লাই ইভেন্টে ৬১তম হয়েছেন। আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশের তিন সাঁতারুর।