৩৪তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব আগামী ১৮ আগস্ট বিকাল তিনটা হতে দাবাকক্ষে শুরু হবে। মহিলা ও বালিকারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন এবং এ ইভেন্টে অংশগ্রহণের জন্য কোন ফি লাগবে না। অংশগ্রহণে আগ্রহী দাবাড়ুদের ১৭ আগস্ট শনিবারের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদস্থ দাবা ফেডারেশনের অফিসে নাম জমা দিতে বলা হয়েছে।
বাছাই পর্ব হতে শীর্ষস্থান প্রাপ্ত ৭জন খেলোয়াড় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবেন। গতবারের চ্যাম্পিয়ন ও রানারআপ, আন্তর্জাতিক মহিলা মাস্টার এবং শীর্ষস্থান প্রাপ্ত মহিলা রেটিংপ্রাপ্ত খেলোয়াড়রা সরাসরি চূড়ান্ত পর্বে খেলবেন। জেলার দাবাড়ুরা নির্ধারিত সময়ে স্ব-স্ব জেলার পত্রসহ নাম জমা দিতে হবে। জেলা থেকে আগত খেলোয়াড়দের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে।
